শামীম আহমেদ
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম
ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ২০১৪ সালের ডিসেম্বরের মধ্যে দেশে দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনের কাজ শেষ হবে বলে জানিয়েছেন বিএসসিসিএল’র ব্যবস্থাপনা পরিচালক।
সরকারি মালিকানাধীন বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেডের (বিএসসিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মনোয়ার হোসেন রোববার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান।
এ জন্য বাংলাদেশকে প্রায় সাড়ে চারশ কোটি টাকা বিনিয়োগ করতে হবে।
স¤প্রতি বিএসসিসিএলকে দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনের জন্য তহবিল ব্যবস্থা গ্রহণের দিক নির্দেশনা দিয়ে চিঠি দিয়েছে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়।
বাংলাদেশে একমাত্র সাবমেরিন কেবল ১৬ দেশের সাবমেরিন কেবল কনসোর্টিয়াম (জোট) সাউথ এশিয়া-মিডলইস্ট-ওয়েস্টার্ন ইউরোপ-ফোর (সি-মি-উই-ফোর) পরিচালনা করছে বিএসসিসিএল।
সি-মি-উই-ফাইভ নামে ক্যাবলের সঙ্গে সংযুক্ত হতে যাচ্ছে বাংলাদেশ।
বাংলাদেশের একমাত্র সাবমেরিন কেবলটি কাটা পড়লে টেলিযোগাযোগ ও ইন্টারনেট সেবা বিঘিœত হয়। সি-মি-উই-ফাইভ কেবলটি স্থাপন করা হলে এ সমস্যা আর থাকবে না। এছাড়া ভয়েস ও উচ্চগতির ইন্টারনেট দেওয়া সহজ হবে বলেও জানান মনোয়ার হোসেন।
বিএসসিসিএল কর্মকর্তারা বলেন, দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে ভারতবর্ষ ও মধ্যপ্রাচ্য হয়ে পশ্চিম ইউরোপে সংযোগকারী অন্য একটি সাবমেরিন কেবল সি-মি-উই-ফাইভ স্থাপনে একটি কনসোর্টিয়াম গঠনের জন্য সম্ভাব্য প্রতিষ্ঠানগুলোর অংশগ্রহণে গত ১৪ অক্টোবর সিঙ্গাপুরে একটি বৈঠক হয়।
দ্বিতীয় সাবমেরিন ক্যাবলের জন্য সি-মি-উই-ফাইভ সাবমেরিন কেবল কনসোর্টিয়ামের সঙ্গে ২০১৪ সালে যুক্ত হবে বাংলাদেশ।
এ কনসোর্টিয়ামের মাধ্যমে স্থাপন করা নতুন কেবলটি যাবে দক্ষিণ-পূর্ব এশিয়া থেকে পশ্চিম ইউরোপে। এর সঙ্গে মধ্যপ্রাচ্য ও দক্ষিণ এশিয়ার দেশগুলোও সংযুক্ত হবে।
বিএসসিসিএল কর্মকর্তারা জানান, সি-মি-উই-ফাইভ সাবমেরিন কেবলে সর্বাধুনিক ১০০জি টেকনোলজি ব্যবহার করা হবে। প্রাথমিকভাবে ছয়টি প্রতিষ্ঠান এ কনসোর্টিয়ামে অংশগ্রহণের জন্য সমঝোতা চুক্তি স্বাক্ষর করেছে বলে জানানো হয়।
প্রস্তাবিত কনসোর্টিয়াম কেবলটি মিয়ানমার পর্যন্ত সংযুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। এর ফলে সংযোগ পেতে বাংলাদেশ অংশের দৈর্ঘ্য কম হওয়ায় এর রক্ষণাবেক্ষণ ও পরিচালন খরচও কম হবে।
তহবিল যোগাতে তিন শর্ত
দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনে সরকারের পক্ষ থেকে তহবিলের জন্য তিনটি শর্ত দেওয়া হয়েছে বলে জানান মনোয়ার হোসেন।
তিনি বলেন, “এ প্রকল্পে সরকার কোনো অর্থ যোগান দেবে না, আভ্যন্তরীণ উৎস থেকে অর্থ ঋণ নেওয়া যাবে না এবং এ ব্যাপারে সরকার কোনো ব্যাংক গ্যারান্টিও দেবে না।”
তহবিলের জন্য অর্থ মন্ত্রণালয়ের অনুমোদন চেয়ে চিঠি দেওয়া হয়েছে জানিয়ে তিনি বলেন, “দ্বিতীয় সাবমেরিন কেবল স্থাপনের জন্য বাংলাদেশের প্রায় সাড়ে চারশ কোটি টাকা বিনিয়োগ করতে হবে।
“বিএসসিসিএল নিজস্ব তহবিল থেকে প্রায় আড়াইশ কোটি টাকা দিতে পারবে।”
“শিগগিরই বিএসসিসিএল শেয়ার বাজারে প্রবেশ করছে, রাইট শেয়ার ইস্যু করে বড় অংকের টাকা পাওয়া যাবে,” যোগ করেন মনোয়ার হোসেন।
এছাড়া সরকারি-বেসরকারি অংশিদারিত্ব (পিপিপি), ইসলামী উন্নয়ন ব্যাংক (আইডিবি), আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) থেকে স্বল্প সুদে ঋণের মাধ্যমে তহবিলের ব্যবস্থা করা হবে বলে জানান বিএসসিসিএল ব্যবস্থাপনা পরিচালক।
গত ২৯ নভেম্বর বিএসসিসিএল চেয়ারম্যান এবং ডাক ও টেলিযোগাযোগ সচিব সুনীল কান্তি বোস এক সংবাদ সম্মেলনে জানিয়েছিলেন, “কোম্পানির প্রসপেক্টাস ইতোমধ্যে এসইসিতে জমা দেওয়া হয়েছে। ডিসেম্বরে অনুমোদন পাওয়া গেলে জানুয়ারিতে পুঁজিবাজারে লেনদেন শুরু হবে।”
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) জমা দেওয়া প্রসপেক্টাস থেকে জানা যায়, টেলিযোগাযোগ খাতের সাবমেরিন কেবল ৩ কোটি ১০ লাখ শেয়ার ছেড়ে পুঁজিবাজার থেকে ১০৮ কোটি ৫০ লাখ টাকা সংগ্রহ করবে।
১০ টাকা অভিহিত মূল্যের প্রতিটি শেয়ারে ২৫ টাকা প্রিমিয়ামসহ ইস্যু মূল্য ধরা হয়েছে ৩৫ টাকা। ইস্যু ম্যানেজার হিসেবে রয়েছে আইসিবি ক্যাপিটাল ম্যানেজমেন্ট।
২০০৮ সালের ১ জুলাই পাবলিক লিমিডেট কোম্পানি হিসেবে যাত্রা শুরু করা বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানির অনুমোদিত মূলধন এক হাজার কোটি টাকা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২০২২ ঘ.
bdnews24