২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

নতুন ক্লাস, নতুন বই

বছরের প্রথম দিনে সারাদেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব’ পালন করছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Jan 2012, 09:42 AM

Updated : 24 Aug 2022, 10:28 AM

ঢাকা, জানুয়ারি ০১ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বছরের প্রথম দিনে সারাদেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে ‘পাঠ্যপুস্তক উৎসব’ পালন করছে সরকার। রোববার সকাল পৌনে ১০টায় ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের ছাত্রীদের হাতে নতুন বই তুলে দিয়ে উৎসব উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এর আগে গত ২৯ ডিসেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবনে ১৫ জন শিক্ষার্থীর হাতে ২০১২ সালের নতুন পাঠ্যবই তুলে দিয়ে বই বিতরণ কার্যক্রম আনুষ্ঠানিক উদ্বোধন করেন। এবার প্রাথমিক, এবতেদায়ি, মাধ্যমিক, দাখিল ও কারিগরি বিদ্যালয়ের প্রথম থেকে নবম শ্রেণীর ৩ কোটি ১২ লাখ ১৩ হাজার ৭৫৯ জন ছাত্রছাত্রীর মধ্যে ২২ কোটি ১৩ লাখ ৬৬ হাজার ৩৮৩ কপি বই বিনামূল্যে বিতরণ করা হচ্ছে। ২০১০ সাল থেকে বছরের প্রথম দিনই নতুন বই পাচ্ছে শিক্ষার্থীরা। এর আগে পাঠ্যবই পেতে শিক্ষার্থীদের মার্চ থেকে এপ্রিল মাস পর্যন্ত অপেক্ষা করতে হতো। শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়ে শিক্ষামন্ত্রী বলেন, “বছরের প্রথম দিনে ছাত্রছাত্রীদের হাতে বই পৌঁছানো শিক্ষার গুণগত মানোন্নয়নে সুদূরপ্রসারী ভূমিকা রাখা শুরু করেছে। পাবলিক পরীক্ষার ফলাফলই তার প্রমাণ।” আগামী বছর শিক্ষার্থীদের বইয়ের মান আরো বাড়ানোর আশ্বাস দেন তিনি। পাঠ্যপুস্তক উদ্বোধনী অনুষ্ঠানে শিক্ষাসচিব কামাল আবদুল নাসের চৌধুরী, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ডের (এনসিটিবি) চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা কামালউদ্দিন, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর নোমান উর রশীদ উপস্থিত ছিলেন। বেলা ১২টায় মতিঝিল গভর্নমেন্ট বয়েজ স্কুলের ছাত্রদের মাঝে বই বিতরণ করনে শিক্ষামন্ত্রী। এছাড়া সকাল ১১টায় প্রাথমিক ও গণশিক্ষামন্ত্রী মো. আফছারুল আমীন মতিঝিল আইডিয়াল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বই তুলে দেন। তিনি দুপুরে সচিবালয়ে সংবাদ সম্মেলনে জানান, সারাদেশের প্রায় ৮২ হাজার শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের হাতে বছরের প্রথশ দিনে নতুন বই তুলে দেওয়া হয়েছে। “কোনো শিক্ষার্থী বই না পেলে আমাদের অবশ্যই জানাবেন,” সাংবাদিকদের উদ্দেশে বলেন প্রতিমন্ত্রী। এনসিটিবির চেয়ারম্যান অধ্যাপক মোস্তফা কামালউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সারাদেশে স্থানীয় প্রশাসন এবং জনপ্রতিনিধিরা উৎসবমুখর পরিবেশে শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দিয়েছেন। তিনি বলেন, এবার প্রতি বইয়ের মুদ্রণ খরচ পড়েছে ২৪ টাকা ৩৭ পয়সা। গত বছর প্রতি বইয়ের মুদ্রণ ব্যয় ছিলো ২৩ টাকা ৮৬ পয়সা। মুদ্রণের মান ও কাগজ ভালো হওয়ায় এবার বইয়ের মূল্য একটু বেশি পড়েছে বলে দাবি করেন তিনি। প্রাথমিক ও মাধ্যমিক স্তরের সব পাঠ্যবই এনসিটিবির ওয়েবসাইট (িি.িহপঃন.মড়া.নফ) থেকে ই-বুক ফর্মে ডাউনলোড করা যাবে। এবার প্রাথমিকে বাংলা ও ইংরেজি ভার্সনের ১ কোটি ৮১ লাখ ৩১ হাজার ৮৯৩ শিক্ষার্থীর জন্য ৫৬টি বিষয়ের ১০ কোটি ৩৫ লাখ ৯৪ হাজার ৬৫১টি বই ছাপানো হয়েছে। মাধ্যমিকের বাংলা ও ইংরেজি ভার্সন এবং এসএসসি ভোকেশনালের ৮৪ লাখ ২৩ হাজার ৪২০ জন শিক্ষার্থীর জন্য ছাপানো হয়েছে ১৭২টি বিষয়ের ৮ কোটি ৫২ লাখ ৮০ হাজার ৮৩৬টি বই। ইবতেদায়ি ২৫ লাখ ৫৩ হাজার ২৫৯ শিক্ষার্থীর জন্য ৩৪টি বিষয়ের ১ কোটি ৫৮ লাখ ১৩ হাজার ৭৬৪টি বই, এবং দাখিল ও দাখিল ভোকেশনালের ১৯ লাখ ৪২ হাজার ৬৪৭ জন শিক্ষার্থীর জন্য ৫৪টি বিষয়ের ১ কোটি ৬৬ লাখ ৭৭ হাজার ১৩২টি বই ছাপানো হয়েছে। এছাড়া কারিগরি স্তরের শিক্ষার্থীদের বিশেষায়িত ৬ লাখ ১৫ হাজার বই কারিগরি শিক্ষা অধিদপ্তর নিজস্ব উদ্যোগে মূদ্রণ করেছে বলে শিক্ষা মন্ত্রণালয় জানায়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসআই/এমআই/১৫৩৬ ঘ.