ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আগামী ৬ থেকে ১৬ অক্টোবর উপকূলীয় প্রজনন এলাকাসহ সংলগ্ন এলাকায় ইলিশ ধরাসহ পরিবহন, বাজারজাতকরণ, বিক্রয় ও মজুদ করলে কঠোর আইনগত ব্যবস্থা নেবে সরকার।
বৃহস্পতিবার মৎস ভবনে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদমন্ত্রী আব্দুল লতিফ বিশ্বাস এ কথা বলেন।
তিনি বলেন, "তবে চিহ্নিত এলাকা ছাড়া অন্যান্য এলাকায় ইলিশ মাছ বিক্রি বা পরিবহন করা যাবে।"
প্রজনন মৌসুমে ইলিশ সংরক্ষণে সাত হাজার বর্গ কিলোমিটার এলাকা জুড়ে ইলিশ ধরা প্রতিরোধে বিশেষ ব্যবস্থা নেওয়া হবে উল্লেখ করে মন্ত্রী বলেন, "এ সময়ে ইলিশ ধরা হলে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে শাস্তি দেওয়া হবে। বিভিন্ন পয়েন্টে ভ্রাম্যমাণ আদালত থাকবে।"
মঙ্গলবার সচিবালয়ে নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী ঘোষণা দেন আগামী ৬ থেকে ১৬ অক্টোবর পর্যন্ত ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে।
এ কর্মসূচির আওতায় ভোলা, পটুয়াখালী, লক্ষ্মীপুর, নোয়াখালী, ফেনী, চট্রগ্রাম, চাঁদপুর, বরিশাল এবং কক্সবাজার জেলার ইলিশের নিশ্চিত প্রজননের লক্ষ্যে নদী ও বাজারে অভিযান পরিচালিত হবে।
ইলিশের প্রজননের ক্ষেত্র বা আহরণ নিষিদ্ধ গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোর সীমানা হচ্ছে- মীরসরাই উপজেলার শাহের খাল থেকে হাইতিকান্দী, তজুমুদ্দিন উপজেলার উত্তর তজুমুদ্দিন থেকে পশ্চিম সৈয়দ আওলিয়া পয়েন্ট, কলাপাড়া উপজেলার লতা চাপালি পয়েন্ট এবং কুতুবদিয়া উপজেলার উত্তর কুতুবদিয়া থেকে গন্ডামারা পয়েন্টে ।
জেলা প্রশাসন, কোস্ট গার্ড, নৌ বাহিনী পুলিশ ও র্যাব যৌথভাবে এ অভিযান পরিচালনা করবে বলে জানান লতিফ বিশ্বাস।
আশ্বিন মাসে প্রথম উদিত চাঁদের পূর্ণিমার দিনসহ আগের পাঁচদিন ও পরের পাঁচদিন ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়। কারণ এ সময় ইলিশ পূর্ণমাত্রায় পরিপক্ক থাকে এবং সবচেয়ে বেশি পরিমাণে ডিম ছেড়ে থাকে।
এ হিসেবে ৬ থেকে ১৬ অক্টোবর ইলিশ ধরা নিষিদ্ধ করা হয়েছে বলে জানান লতিফ বিশ্বাস।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএইচএ/পিডি/২৩১১ ঘ.
bdnews24