বান্দরবান, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পাহাড়ি রাস্তায় দুর্ঘটনা রোধে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার আদেশ দিয়েছে বান্দরবানের একটি আদালত।
মঙ্গলবার বান্দরবানের যুগ্ম জেলা জজ আদালতের বিচারক মোহাম্মদ আসাদুজ্জামান খান এ আদেশ দেন।
বৃহস্পতিবার আদেশের কপি জেলা আইনজীবী সমিতি সাংবাদিকদের মাঝে বিতরণ করে।
আদেশে বলা হয়েছে, জেলার অভ্যন্তরীণ যেসব সড়ক ঝুঁকিপূর্ণ সেখানে প্রতিটি বাঁকে উঁচু মাটির বাঁধ ও ঢিবি'র ব্যবস্থা করা, সড়কের দু'পাশে বৃক্ষ রোপণ, রাস্তার ধসে যাওয়া অংশে আরসিসি পিলার, রেটেইনিং ওয়াল এবং গাইড পোস্টের ব্যবস্থা করতে হবে।
এসব বাস্তবায়নে জেলা পরিবহন মালিক সমিতি ও শ্রমিক ইউনিয়ন, সড়ক ও জনপথ বিভাগ (সওজ), বন বিভাগ, বাংলাদেশ রোড ট্রান্সপোর্ট কর্পোরেশন-বিআরটিসি, পুলিশ প্রশাসনসহ ১১টি প্রতিষ্ঠানকে নির্দেশ দিয়েছেন আদালত।
জেলা আইনজীবী সমিতির সদস্য বিশ্বজিৎ চাকমা ২০০৯ সালের ১২ জুলাই বান্দরবান জেলা যুগ্ম জজ আদালতে জনস্বার্থে এই মামলাটি দায়ের করেন।
বিশ্বজিৎ চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পাহাড়ি রাস্তায় নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রতিদিনই এখানে জীবনহানি হচ্ছে। এ কারণেই আদালত দুর্ঘটনার কারণসমূহ চিহ্নিত করে সেগুলো মোকাবেলার আদেশ দিয়েছেন।
বান্দরবান আইনজীবী সমিতির সভাপতি মহিউদ্দিন আহমেদ বলেন, ইতোমধ্যে আদালতের আদেশ অনুসারে কাজ শুরু হয়েছে। এতে পর্যটনসমৃদ্ধ বান্দরবানসহ পার্বত্য জেলায় সড়ক দুর্ঘটনা নিয়ন্ত্রণ হবে বলে।
বান্দরবান সওজ এর নির্বাহী প্রকৌশলী ফজলুল হক সাংবাদিকদের জানান, আদালতের নির্দেশাবলী তারা পেয়েছেন। নির্দিষ্ট সময়ের মধ্যে তা বাস্তবায়ন করা হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এএল/২১২৭ ঘ.
bdnews24