২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পিলখানা হত্যাকাণ্ড 'সুযোগ পেয়েও সাহায্য চাননি তাসনিম'

পিলখান হত্যা মামলার সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল মো. আবু তাসনিম আসামি পক্ষের আইনজীবীর জেরার মুখে বলেছেন, পিলখানায় বিদ্রোহ শুরুর পর তার সামনেই এক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। কিন্তু সুযোগ পেয়েও তিনি বাইরে কারো কাছে মোবাইল ফোনে সাহায্য চাননি।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 02:41 PM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিলখান হত্যা মামলার সাক্ষী লেফটেন্যান্ট কর্নেল মো. আবু তাসনিম আসামি পক্ষের আইনজীবীর জেরার মুখে বলেছেন, পিলখানায় বিদ্রোহ শুরুর পর তার সামনেই এক সেনা কর্মকর্তাকে হত্যা করা হয়। কিন্তু সুযোগ পেয়েও তিনি বাইরে কারো কাছে মোবাইল ফোনে সাহায্য চাননি। অবশ্য প্রসিকিউটর মোশাররফ হোসেন কাজল আদালতের বাইরে সাংবাদিকদের কাছে দাবি করেন, হত্যার ঘটনার সময় আবু তাসনিমের কাছে মোবাইল ফোন ছিল না। বাহিনীর চেইন অব কমাণ্ড অনুযায়ী যাকে জানানো দরকার তিনি তাকে তা জানিয়েছিলেন। রাজধানীর বকশিবাজারে আলীয়া মাদ্রাসা সংলগ্ন মাঠে অস্থায়ীভাবে নির্মিত মহানগর দায়রা জজ আদালতের এজলাসে সকালে পিলখানা হত্যা মামলার বিচার কাজ শুরু হয়। বৃহস্পতিবার সেনা কর্মকর্তা তাসনিমকে দ্বিতীয় দিনের মতো জেরা করেন আসামি তৎকালীন বিডিআরের ডিএডি তৌহিদুল ইসলামসহ তিন আসামির আইনজীবীরা। পৌনে চারটা পর্যন্ত আদালত চলার পর বিচারক ৫ অক্টোবর পর্যন্ত শুনানি মুলতবি করেন। ২০০৯ এর ২৫ ও ২৬ ফেব্র"য়ারি পিলখানায় বিডিআর বিদ্রোহ এবং হত্যাকাণ্ডের সময় সিগন্যাল সেক্টরের দায়িত্বরত অধিনায়ক এবং বর্তমানে আন্তঃবাহিনী নির্বাচন পরিষদে কর্মরত লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আবু তাসনিম এর আতে ২১ সেপ্টেম্বর আদালতে সাক্ষী হিসাবে জবানবন্দি দেন। এতে তিনি বলেন, বিদ্রোহের প্রথম দিন সকাল ৯টায় দরবার শুরুর পর থেকে পরের দিন বিকাল ৫টা পর্যন্ত তিনি পিলখানায় ছিলেন। ওই সময়ে তিনি মোবাইল ফোনে পরিবারের সদস্য এবং সেনাবাহিনীর একাধিক কর্মকর্তার সঙ্গে কথা বলেছেন। বিদ্রোহের ঘটনার বিবরণ দিতে গিয়ে তাসনিম জবানবন্দিতে বলেন দরবার শুরুর পরপরই মইন নামে একজন সৈনিক মঞ্চে উঠে বিডিআর মহাপরিচালকের দিকে অস্ত্র তাক করে। এ সময় কয়েকজন কর্মকর্তা তাকে ধরাশায়ী করে ফেলেন। বৃহস্পতিবার আদালত শুরু হলে আসামি তৌহিদের পক্ষে আবু তাসনিমকে জেরা শুরু করেন অ্যাডভোকেট আমিনুল ইসলাম। তিনি জানতে চান, বিদ্রোহ শুরুর পর তাসনিম সাহায্য চেয়ে সেনা বাহিনীর প্রধান কার্যালয়ে বা প্রধানমন্ত্রীর কার্যালয়ে কাউকে ফোন করেছিলেন কি না। উত্তরে 'না' সূচক জবাব দেন তাসনিম। আদালতে দেওয়া জবানবন্দিতে তাসনিম আরো বলেছিলেন, বিদ্রোহের সময় কয়েকজন সৈনিক তার সামনেই মেজর গাজ্জালীকে মারধর শুরু করে। পরে তানসিম নিজেকে আড়াল করে নেন। এ সময় তিনি কয়েক রাউণ্ড গুলির শব্দ শোনেন। পরে দেখেন মেজর গাজ্জালীর মৃতদেহ বস্তায় করে নিয়ে যাওয়া হচ্ছে। অ্যাডভোকেট আমিনুল এ ব্যাপারে তাসনিমের কাছে জানতে চান, "পিলখানার বাইরে সেনাবাহিনীর গোয়েন্দা শাখার কর্নেল আরিফের সঙ্গে আপনার মোবাইল ফোনে কথা হয়েছিল। গাজ্জালীর বিষয়টি তাকে জানিয়ে সাহায্য চেয়েছেন কি না।" এবারও 'না' সূচক জবাব দেন এই সেনা কর্মকর্তা। প্রায় এক ঘণ্টা জেরা চলার পর আদালত পাঁচ মিনিটের বিরতি দেন। পরে ফের জেরা শুরু হলে আবু তাসনিম জেরার জবাবে বলেন, গাজ্জালীকে হত্যার ঘটনার আগে বিদ্রোহীরা তার কাছ থেকে মোবাইল ফোন কেড়ে নেয়। এ পর্যায়ে অ্যাডভোকেট আমিনুল প্রশ্ন করেন, "ওই ঘটনার পরও আপনি মোবাইল ফোনে কথা বলেছেন। জবানবন্দিতেও তার উল্লেখ আছে।" জবাবে তাসনিম বলেন, পরে তিনি কথা বলেছেন বিদ্রোহীদের মোবাইল ফোন থেকে। তাদের নির্দেশ অনুযায়ী বিভিন্নজনের সঙ্গে কথা বলতে তাকে বাধ্য করা হয়েছে। বিদ্রোহ এবং হত্যাকাণ্ডের পুরো সময় তাসনিম পিলখানায় কতিপয় সৈনিকের অনুকূল্যে ছিলেন- আইনজীবী আমিনুলের এমন বক্তব্যে কিছুটা উত্তেজিত হয়ে ওঠেন এই সেনা কর্মকর্তা। তিনি প্রশ্ন করেন, "আমি বুটের লাথি খেলাম, মারধর করা হলো, বন্দি থাকলাম- তা হলে কীভাবে আনুকূল্যে থাকলাম?" পরে আসামি ডিএডি নাসির উদ্দিন এবং ডিএডি মীর্জা হাবিবুরের পক্ষে তাদের আইনজীবীও জেরা করেন লেফটেন্যান্ট কর্নেল মো. আবু তাসনিমকে। পিলখানায় বিদ্রোহের ঘটনায় দায়ের করা এই হত্যা মামলার মোট এক হাজার ৮৭ জনকে সাক্ষী করা হয়েছে। এদের মধ্যে আবু তাসনিম তৃতীয়। এর আগে নিউমার্কেট থানার সাবেক ওসি কামাল উদ্দিন এবং লালবাগ থানার সাবেক ওসি নবজ্যোতি খিসাকে জেরা করে আসামিদের আইনজীবী। গত বছর জুলাই মাসে বিএনপির সাবেক সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদ পিন্টু এবং আওয়ামীলীগ নেতা তোরাব আলীসহ ৮২৪ জনকে অভিযুক্ত করে এ মামলার অভিযোগপত্র দেয় পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)। এছাড়া বিস্ফোরক দ্রব্য আইনে আরো একটি মামলায় ৮৩৪ জনকে অভিযুক্ত করে অভিযোগপত্র দেওয়া হয়। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্র"য়ারি বিদ্রোহের ঘটনায় ৫৭ জন সেনা কর্মকর্তাসহ ৭৪ জন নিহত হন। পিলখানায় রক্ষিত অস্ত্রাগার থেকে লুট হয় বিপুল পরিমান গোলাবারুদ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এলএইচ/এসআইাটি/জেকে/২০৩৩ ঘ.