২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাজীপুরে চার ঘণ্টা রিকশা চলাচল বন্ধ

লাইসেন্স নবায়ন ও পুলিশী নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে রিকশাচালক ও মালিকরা বিক্ষোভ করেছে। এসময় চার ঘণ্টা শহরে রিকশা চলাচল বন্ধ ছিলো।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 09:20 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

গাজীপুর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- লাইসেন্স নবায়ন ও পুলিশী নির্যাতনের প্রতিবাদে গাজীপুরে রিকশাচালক ও মালিকরা বিক্ষোভ করেছে। এসময় চার ঘণ্টা শহরে রিকশা চলাচল বন্ধ ছিলো। প্রত্যক্ষদর্শীরা জানায়, শহরের মুক্তমঞ্চে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে বিক্ষোভ সমাবেশ করে রিকশাচালক ও মালিকরা। পরে তারা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি জমা দেয়। গাজীপুর পৌর রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি নজরুল ইসলাম জানান, গাজীপুর পৌরসভা থেকে ২০১১-২০১২ অর্থ বছরের রিকশা মালিকদের লাইসেন্স নবায়ন করা হচ্ছে না। ফলে রিকশা চালাতে গিয়ে চালকদের পুলিশি বাধা ও নির্যাতনের মুখে পড়তে হয়। তিনি অবিলম্বে লাইসেন্স নবায়ন, পুলিশী হয়রানি বন্ধ ও শহরে যানজট নিরসনের দাবি জানান। সমাবেশে বক্তব্য রাখেন গাজীপুর সদর রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মুক্তিযোদ্ধা আব্দুর রউফ নয়ন, আব্দুর রশিদ, রফিকুল ইসলাম, নুরুল ইসলাম। সমাবেশ শেষে দুপুর পৌনে ২টার দিকে রিকশা মালিক-শ্রমিকরা জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দেয়। সরেজমিনে দেখা যায়, দুপুর ২টার পর থেকে শহরে রিকশা চলাচল স্বাভাবিক হয়। এ ব্যাপারে গাজীপুর পৌরসভার রিকশা লাইসেন্স নবায়ন পরিদর্শক মো. মোস্তফা কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "লাইসেন্স তথা নম্বর প্লেট মজুদ না থাকায় নতুন অর্থ বছরের লাইসেন্স নবায়ন করা যাচ্ছে না।" নাম্বার প্লেট হাতে এলেই নবায়নের কাজ শুরু করা হবে। এ ব্যাপারে দরপত্র প্রক্রিয়াধীন আছে বলে জানান পরিদর্শক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫১৮ ঘ.