২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাঁপাইনবাবগঞ্জের ডিসির বিরুদ্ধে আদালত অবমাননার রুল

আদালত অবমাননার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এম এ আজমসহ ছয় জনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 09:01 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- আদালত অবমাননার অভিযোগে চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক এম এ আজমসহ ছয় জনের বিরুদ্ধে কেন শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে না, তা জানতে চেয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি সালমা মাসুদ চৌধুরী ও বিচারপতি মো. নজরুল ইসলাম তালুকদারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই রুল জারি করে। স্থিতাবস্থা বজায় রাখতে আদালতের নির্দেশ অমান্য করে ওয়াক্ফ এস্টেটের জলমহল ইজারা দেওয়ার উদ্যোগ নেওয়ার এই রুল জারি করা হয়। আগামী দুই সপ্তাহের মধ্যে বিবাদিদের এই রুলের জবাব দিতে বলা হয়েছে। রুলের অন্য বিবাদিরা হলেন- অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মো. সারওয়ার জাহান, উপ করকর্মকর্তা ঝুমুর বালা, শিবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সারজিল হাসান, শিবগঞ্জ থানার ওসি মির্জা আব্দুল সালাম, মোনাকাসা হাজীপাড়া মৎসজীবী সমবায় সমিতির সাধারণ সম্পাদক সেন্টু। আদালতে আবেদনকারীর পক্ষে শুনানিতে অংশ নেন অ্যাডভোকেট এন কে সাহা। তাকে সহায়তা করেন অ্যাডভোকেট এটিএম আলমগীর। আলমগীর বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চৌধুরী ইসমাইল সাজ্জাদ জোহাদ ওয়াক্ফ এস্টেটের একটি জলমহল জেলা প্রশাসন ইজারা দেওয়ার উদ্যোগ নেয়। এর বিষয়ে হাইকোর্টের দুটি আদেশ রয়েছে। সর্বশেষ গত ৭ এপ্রিল হাইকোর্টের একটি বেঞ্চ 'জেলা প্রশাসক কর্তৃক জলমহল ইজারা দেওয়া সিদ্ধান্ত কেন অবৈধ এবং আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা করা হবে না,' এই মর্মে রুল দেয়ার পাশাপাশি জলমহলে স্থিতাবস্থা বজায় রাখার নির্দেশ দেয়। ওই স্থিতাবস্থা অমান্য করায় ওই এস্টেটের মোতাওয়াল্লী সেলিম রেজা চৌধুরীর পক্ষ থেকে করা আবেদনে এই আদালত অবমাননার রুল জারি করা হয়। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএন/এসইউ/১৩৫২ ঘ.