২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চাকরি নিয়ে বিদেশ যেতে নিবন্ধন লাগবে

বিদেশে চাকরিপ্রত্যাশীদের অনলাইন নিবন্ধন কার্যক্রম উদ্বোধন করে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী বলেছেন, এখন থেকে চাকরি নিয়ে বিদেশ যেতে হলে আগে নিবন্ধিত হতে হবে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 29 Sep 2011, 08:44 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নিবন্ধন ছাড়া আর কোনো ব্যক্তি চাকরির জন্য বিদেশ যেতে পারবেন না বলে জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন। বৃহস্পতিবার রাজধানীতে ইস্কাটনে প্রবাসী কল্যাণ ভবনে বিদেশে কর্মসংস্থানে আগ্রহী কর্মীদের অনলাইনে নিবন্ধন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, বিদেশে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, হয়রানি ও মধ্যস্বত্বভোগীদের প্রতারণা রোধে নিবন্ধনের এ উদ্যোগ নেওয়া হয়েছে। জনশক্তি, কর্মসংস্থান ও প্রশিক্ষণ ব্যুরো (বিএমইটি) ইন্টারনেটের মাধ্যমে নিবন্ধনের (রেজিস্ট্রেশন) এ কাজ চালাবে। মন্ত্রী জনশক্তি রপ্তানিকারকদের উদ্দেশে বলেন, "এখন থেকে বিদেশে লোক পাঠাতে হলে বিএমইটি'র নিবন্ধনভুক্তদের পাঠাতে হবে। এর ব্যতিক্রম করা যাবে না।" তিনি জানান, গত এক দশকে মন্ত্রণালয়ের তত্ত্বাবধায়নে প্রায় ৭৬ লাখ লোক কর্মসংস্থানের জন্য ১৪৩টি দেশে গেছে। চলতি বছরে এ পর্যন্ত প্রায় ৫০ হাজার লোককে পাঠানো হয়েছে। জনশক্তি রপ্তানিতে কোনো ধরনের অনিয়ম সহ্য না করার কথা জানিয়ে মোশাররফ বলেন, "কিছু রিক্রুটিং এজেন্সির অনৈতিক কাজের জন্য দুর্নাম আর হতে দেওয়া যাবে না। মন্ত্রী হিসেবে আমাকে আদমমন্ত্রী বলে ডাকবে, তা কেন হবে?" নিবন্ধন প্রক্রিয়া ঘরে বসেই ইন্টারনেটের মাধ্যমে দেশের যে কোনো স্থান থেকে বিদেশে কর্মসংস্থানে আগ্রহীরা কম্পিউটার অথবা মোবাইলে ইন্টারনেটের সাহায্যে বিএমইটির ওয়েবসাইট www.bmet.gov.bd অথবা www.bmet.org.bd এ নাম নিবন্ধন করতে পারবেন। এজন্য আগ্রহী ব্যক্তিকে নিবন্ধন ফি ৮৮ টাকা (ফি ৮০ টাকা ও সার্ভিস চার্জ ৮টাকা) টেলিটক মোবাইলের মাধ্যমের পরিশোধ করতে হবে। পাশাপাশি জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের মাধ্যমে নিবন্ধন পদ্ধতিও চালু থাকবে। নিবন্ধন করার সময় ইচ্ছুক ব্যক্তিদের ভোটার আইডি, জম্ম নিবন্ধন সনদ ও পাসপোর্টের তথ্য দিতে হবে। সার্ভার আপগ্রেডিং কার্যক্রম চলমান থাকায় এ নিবন্ধন সেবা প্রাথমিকভাবে ছুটির দিন বাদে সকাল ১০টা থেকে বিকেল ৩টা পর্যন্ত চালু থাকবে বলে জানিয়েছেন বিএমইটির মহাপরিচালক খোরশেদ আলম চৌধুরী। শিগগিরই আপগ্রেডিং কার্যক্রম সমাপ্তির পর ২৪ ঘণ্টা এ সেবা চালু রাখা হবে বলে জানান তিনি। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১৪৪০ ঘ.