বাগেরহাট/বরগুনা, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সুন্দরবনের শরণখোলা রেঞ্জে র্যাবের সঙ্গে বন্দুকযুদ্ধে চার ডাকাত নিহত হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে পূর্ব সুন্দরবনের ধনচেবাড়িয়া এলাকায় ভোলা নদীতে দেড় ঘণ্টা ধরে বন্দুকযুদ্ধ চলে বলে র্যাব জানিয়েছে।
অভিযানে নেতৃত্ব দেওয়া র্যাব-৮ কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মো. নূরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বন্দুকযুদ্ধের পর চার জলদস্যুর লাশ উদ্ধার করা হয়েছে।
এরা হলেন কামরুল ইসলাম, বেলায়েত হোসেন, রওশন আলী ও আলকাস মল্লিক।
এছাড়া জলদস্যুদের ট্রলার থেকে ১২টি আগ্নেয়াস্ত্র, গুলি ও এক লাখ টাকা উদ্ধার করা হয় বলে জানান নূরুজ্জামান।
আগ্নেয়াস্ত্রের মধ্যে রয়েছে- ছয়টি বিদেশি একনলা বন্দুক, মায়ানমারের তৈরি পাঁচটি এলজি, আমেরিকার তৈরি একটি পিস্তল, দুই রাউন্ড পিস্তলের এবং ২৪ রাউন্ড বন্দুকের গুলি ও ১৫টি বন্দুকের গুলির খোসা।
এছাড়া ঘটনাস্থল থেকে চারটি রামদা, দুটি চাইনিজ কুড়াল, একটি ট্রলার, নগদ টাকা ও বিভিন্ন খাদ্য সামগ্রী উদ্ধার করা হয়।
গত কিছু দিন ধরে সাগরে জলদস্যুদের উৎপাত চলছে। মুক্তিপণের দাবিতে বেশ কয়েকজনকে জেলে অপহৃতও হয়েছেন। তাই জলদুস্যদের ধরতে র্যাব নজরদারি চালাচ্ছিলো।
র্যাব-৮ এর সহ-অধিনায়ক মেজর সাব্বির ওসমান ঘটনাস্থল থেকে মুঠোফোনে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে সুন্দরবনের ধনচেবাড়ীয়া এলাকায় র্যাবের তিনটি দল ট্রলার অভিযান চালায়।
বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টার দিকে র্যাব একটি ট্রলারকে চ্যালেঞ্জ করলে সেখান থেকে অনবরত গুলি ছোঁড়া শুরু হয়। র্যাবও পাল্টা গুলি ছোঁড়ে। দস্যুরা সুন্দরবনের ভোলা নদী দিয়ে গহীণ বনে অবস্থান নেয়।
এসময় উভয়পক্ষের মধ্যে অন্তত সাড়ে তিনশ' রাউন্ড গুলি বিনিময় হয় বলে জানান মেজর সাব্বির।
শরণখোলা থানার উপ-পরিদর্শক (এসআই) ইকবাল আহমেদ জানান, তার নেতৃত্বে পুলিশের একটি দল দুপুরে ঘটনাস্থলের উদ্দেশে রওনা হয়েছেন।
মৃতদেহ ও আগ্নেয়াস্ত্র শরণখোলা থানায় নিয়ে আসা হবে বলে জানান এসআই।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/আরএ/১৫১২ ঘ.
bdnews24