জয়পুরহাট/মাদারীপুর, সেপ্টেম্বর ২৯ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জয়পুরহাট ও মাদারীপুরে সড়ক দুর্ঘটনায় শিশুসহ তিন জন নিহত হয়েছে।
জয়পুরহাট শহরের বাটার মোড় এবং হিচমি মোড় এলাকায় দুটি দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
বাটার মোড়ে নিহত হন জেলা সদরের পাঁচুরচক গ্রামের ইসমাইল হোসেনের ছেলে সাব্বির হোসেন (৬) এবং হিচমি মোড়ে নিহত হন ক্ষেতলাল উপজেলার বটতলী সাখিদার পাড়া গ্রামের সাবেক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্য বাসেদ আলী।
জয়পুরহাট সদর থানার ওসি ফরিদ হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় বাটার মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় বালুবোঝাই দ্রুতগামী একটি ট্রাক্টর সাব্বিরকে চাপা দেয়। মুমূর্ষু অবস্থায় তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে তার মৃত্যু হয়।
একই ট্রাক্টর রেনুকা বানু (৫৫) নামে শহরের ধানমণ্ডি এলাকার এক বাসিন্দাকেও চাপা দেয়। তিনি জয়পুরহাট হাসপাতালে চিকিৎসাধীন।
পুলিশ ট্রাক্টরটিকে আটক করলেও চালক পলাতক বলে জানান পুলিশ কর্মকর্তা ফরিদ।
ক্ষেতলাল থানার ওসি আবু বকর সিদ্দিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার বিকাল সাড়ে ৫টার দিকে জয়পুরহাট জেলা সদরের হিচমি মোড় এলাকায় ভটভটির (নছিমন) ধাক্কায় মারাত্মক আহত হন সাবেক ইউপি সদস্য বাসেদ আলী। দুর্ঘটনার পরপরই তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।
অবস্থার অবনতি হলে ঢাকায় নেওয়ার পথে বুধবার রাতেই তার মৃত্যু হয় বলে জানান পুলিশ কর্মকর্তা আবু বকর সিদ্দিক।
মাদারীপুরের দুর্ঘটনাটি ঘটে শিবচর উপজেলার চান্দেরচর এলাকায় বৃহস্পতিবার সকাল ৯টার দিকে। এতে নিহত হন নাসির হোসেন নামে এক কাপড় ব্যবসায়ী।
শিবচর থানার পরিদর্শক (তদন্ত) মিজানুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মটর সাইকেলে চড়ে যাচ্ছিলেন নাসির। চান্দেরচর বাজারের কাছে এটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।
আহত নাসিরকে শিবচর উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/এমআই/১১৫০ ঘ.
bdnews24