চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জ্বালানি তেল ও রূপান্তরিত প্রাকৃতিক গ্যাসের (সিএনজি) দাম বাড়ানোর পরিপ্রেক্ষিতে ৭ অক্টোবর থেকে চট্টগ্রামে বর্ধিত হারে ভাড়া আদায়ের ঘোষণা দিয়েছে পরিবহন মালিকরা।
বুধবার দুপুরে নগরীর একটি হোটেলে 'চট্টগ্রাম জেলা সড়ক পরিবহন মালিক গ্র"প' আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।
সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সংগঠনের সভাপতি কফিল উদ্দিন আহমেদ বলেন, "তেল ও গ্যাসের দাম বাড়ানোর পর সরকার গণপরিবহণের ভাড়ার যে নতুন হার নির্ধারণ করেছে সে হিসেবে আগামী ৭ অক্টোবর থেকে ভাড়া আদায় করা হবে।"
এ হিসেবে নগরীতে প্রথম তিন কিলোমিটার পাঁচ টাকা ও পরবর্তী প্রতি কিলোমিটার এক টাকা ৬০ পয়সা হারে যাত্রীদের কাছ থেকে আদায় করা হবে বলে জানান তিনি।
ভাড়া বৃদ্ধির আগে প্রথম তিন কিলোমিটার পাঁচ টাকা ও পরবর্তী প্রতি কিলোমিটার এক টাকা ৫৫ পয়সা হারে ভাড়া আদায় করা হতো।
কফিল উদ্দিন জানান, আন্তঃজেলা গণপরিবহণের ক্ষেত্রেও বর্ধিত হারে ভাড়া আদায় হবে। এক্ষেত্রে প্রতি কিলোমিটারে এক টাকা ২০ পয়াস ভাড়া নির্ধারণ করেছে সরকার।
আগে এ হার ছিলো প্রতি কিলোমিটার এক টাকা ১৫ পয়সা।
গত ১৮ সেপ্টেম্বর সরকার ডিজেল, কেরোসিন, পেট্রোল ও অকটেনের দাম প্রতি লিটারে পাঁচ টাকা বাড়ানোর পরদিন গাড়িতে জ্বালানি হিসেবে ব্যবহৃত গ্যাসের দাম ২০ শতাংশ বাড়ানোর আদেশ জারি করে বিইআরসি।
সংবাদ সম্মেলনে পরিবহন মালিকরা মহাসড়ক সংস্কারসহ সরকারের কাছে পাঁচ দফা দাবি জানান।
এতে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- সংগঠনের উপদেষ্টা আবুল কালাম আজাদ, মহাসচিব মঞ্জুর আলম মঞ্জু, সহ-সভাপতি মোরশেদুল আলম কাদেরী, জহুর আহমেদ প্রমুখ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমইউ/এএল/২০৪৪ ঘ.
bdnews24