ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সাইবার ক্রাইমের 'প্রথম মামলার' প্রতিবেদন জমা দিতে প্রায় বছর পার করে দেওয়ায় ঢাকার মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারের কাছে ব্যাখ্যা চেয়েছে আদালত।
গত ২২ সেপ্টেম্বর ঢাকার মহানগর হাকিম কেশব রায় চৌধুরী এ আদেশ দিলেও বুধবার এ তথ্য জানা যায়।
বিচারক বলেছেন, এসব গুরুতর অভিযোগে এরকম দেরি অনাকাঙ্খিত এবং অভিযোগকারীর জন্য হতাশার কারণও বটে। আগামী ২৫ অক্টোবরের মধ্যে আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল না করতে পারলে বিধি মোতাবেক ব্যবস্থা গ্রহণেরও নির্দেশ দিয়েছেন তিনি।
গত বছরের ৩০ নভেম্বর ফেইসবুকের মাধ্যমে নিজেকে প্রতারণার শিকার দাবি করে আদালতে ওই মামলাটি করেছিলেন ঢাকার গার্হস্থ্য অর্থনীতি কলেজের øাতক (সম্মান) শেষ বর্ষের এক ছাত্রী।
ওই দিনই ১৫ ফেব্র"য়ারির মধ্যে মহানগর গোয়েন্দা পুলিশের উপ-কমিশনারকে ঘটনাটি তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেওয়া হয়। কিন্তু মামলা দায়েরের পর প্রায় দশ মাস এবং প্রতিবেদন দাখিলের জন্য পাঁচটি ধার্য তারিখ পার হয়ে গেলেও প্রতিবেদন দাখিল করা হয়নি।
মামলাটি করা হয় তথ্য ও প্রযুক্তি আইনের ৫৭ ও ৬৬ ধারায়। এ আইনে এটিই ছিলো ঢাকার আদালতে প্রথম মামলা।
মামলার আসামিরা হলেন- উত্তরার ১১ নম্বর সেক্টরের গরীবে নেওয়াজ এভিনিউয়ের ৪২ নম্বর বাড়ির বাসিন্দা আবু রেজা ও সঞ্জয় দে রিপন। আলোছায়া নামে একটি পত্রিকার রেজা প্রকাশক এবং রিপন ওই পত্রিকার সহ-সম্পাদক বলে মামলায় বলা হয়।
আরজিতে বলা হয়, পূর্ব পরিচয়ের সূত্র ধরে আসামিরা বাদীর সঙ্গে যোগাযোগ করে জানায়, আলোছায়া দৈনিক কালের কণ্ঠের একটি প্রকাশনা। তারা বাদীকে বসুন্ধরা সিটিতে কালের কণ্ঠ কার্যালয়ে নিয়ে এ ধারণা দেয়। পরে আলোছায়ার কার্যালয় উত্তরায় নিয়ে তাকে গত ১ জুনে চাকরি দেওয়া হয়।
চাকরিরত অবস্থায় রেজার দেওয়া বিয়ের প্রস্তাব বাদী প্রত্যাখ্যান করলে সঞ্জয় দে'র যোগসাজসে রেজা বিভিন্ন সময়ে বাদীর তোলা ছবি বিকৃত করে ফেইসবুকে একটি ভুয়া একাউন্ট খুলে তাতে তুলে দেন।
বাদীর অভিযোগ, ফেইসবুকে ওই ভুয়া একাউন্টে রেজাকে তার স্বামী হিসেবে দেখানো হয়েছে। পাশাপাশি দাবি করা হয়েছে চাঁদাও।
বিয়ে ঠিক হলে ফেইসবুকের ভুয়া একাউন্টের ছবি হবু বরের কাছে তুলে ধরে তা ভেঙে দেওয়ারও অভিযোগ আনা হয় রেজা ও সঞ্জয় দে'র বিরুদ্ধে।
এ বিষয়ে বাদীর আইনজীবী তুষার রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, আসামি আবু রেজা শুধু ওই ছাত্রীর সঙ্গে নয়, একজন কাগজ ব্যবসায়ীর সঙ্গে চেক প্রতারণা করেছেন। ওই মামলায় গত ৮ মার্চ গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার পর থেকে তিনি পলাতক।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/এএল/২০০১ ঘ.
bdnews24