২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধী আইন সংশোধন হচ্ছে

প্রতিবন্ধী নির্যাতন প্রতিরোধে এ সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 01:00 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতিবন্ধী নির্যাতন প্রতিরোধে এ সংক্রান্ত আইন সংশোধনের উদ্যোগ নিয়েছে সরকার। বুধবার এক মতবিনিময় সভায় ২০০১ সালে প্রণীত 'প্রতিবন্ধী কল্যাণ আইন' সংশোধনের উদ্যোগ নেওয়ার কথা জানান জাতীয় সংসদের ডেপুটি স্পিকার শওকত আলী। রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে 'মানবাধিকার লঙ্ঘনের শিকার প্রতিবন্ধী ব্যক্তিদের সুবিচার প্রাপ্তি' শীর্ষক এ মতবিনিময় সভার আয়োজন করে পার্লামেন্টারিয়ান ককাস অন ডিজঅ্যাবিলিটি এবং জাতীয় প্রতিবন্ধী ফোরাম। মতবিনিময় সভায় প্রতিবন্ধীদের উপর নির্যাতন বিষয়ক মোট নয়টি কেসস্টাডি নিয়ে আলোচনা করা হয়। এর একটি ছাড়া সবগুলোই ধর্ষণের। কেসস্টাডিতে দেখা গেছে, ভিকটিম শ্রবন, বাক কিংবা বুদ্ধি প্রতিবন্ধী এবং তারা তাদের নিকটাত্মীয়, সহকর্মী কিংবা সমাজের প্রভাবশালী গোষ্ঠীর দ্বারা ধর্ষণে শিকার হয়েছেন। সভায় সংসদ সদস্য এবং সরকারি ক্রয় সংক্রান্ত সংসদীয় কমিটির সভাপতি এবিএম গোলাম মোস্তফা নির্যাতনের শিকার প্রতিবন্ধী নারীদের প্রতি সহানুভূতি প্রকাশ করে বলেন, "পাশবিক নির্যাতনের স্বীকার এই প্রতিবন্ধীদের প্রতি সহানুভূতি জানানোর ভাষা আমার নেই। তারা তো সাধারণ মানুষের মতো তাদের অভিযোগ বলতে পারে না। এমন একটি বিশেষ আইন প্রণয়ন করা প্রয়োজন, যাতে তাদের ন্যায়বিচার নিশ্চিত হয়।" এ প্রসঙ্গে ডেপুটি স্পিকার শওকত আলী বলেন, "বিগত আওয়ামী লীগ সরকারের আমলে ২০০১ সালে প্রতিবন্ধী কল্যাণ আইন প্রনয়ণ করা হয়। কিন্তু সে সময়ের তুলনায় বর্তমানে প্রতিবন্ধী নির্যাতন অনেক বৃদ্ধি পাওয়ায় সরকার পূর্ব প্রণীত আইন সংশোধন এবং পরিমার্জনের উদ্যোগ নিয়েছে।" এ বিষয়ে সংসদে একাধিক সভা হয়েছে বলে জানান তিনি। তবে আইন প্রণয়নের পাশাপাশি বিচারকদের প্রশিক্ষণের উপর জোর দিয়েছেন সভায় উপস্থিত সংসদ সদস্য অ্যাডভোকেট মীর শওকত আলী বাদশা। তিনি বলেন, "বিচারকদের প্রতিবন্ধীদের ভাষা বুঝতে হবে। কারণ অনেক সময় ইশারা ভাষার দোভাষী তার দায়িত্ব পালনে সৎ নাও থাকতে পারেন। তাই সরকারের পক্ষ থেকে বিচারকদের এ বিষয়ে যথাযথ প্রশিক্ষণের উদ্যোগ নেওয়া প্রয়োজন।" পার্লাামেন্টারিয়ান ককাস অন ডিজঅ্যাবিলিটির আহ্বায়ক সংসদ সদস্য আব্দুল মতিন খসরু বলেন, "প্রতিবন্ধীরা আমাদের সমাজের অবিচ্ছেদ্য অংশ। শিক্ষা, সুচিকিৎসা এবং সামাজিক নিরাপত্তা তাদের অধিকার। এক্ষেত্রে তাদের সহযোগিতা করা আমাদের নৈতিক দায়িত্ব।" অন্যদের মধ্যে সভায় উপস্থিত ছিলেন সংসদ সদস্য অধ্যাপিকা অপু উকিল, সংসদ সদস্য রাশেদা বেগম হীরা। সভায় মূল প্রবন্ধ পাঠ এবং সঞ্চালনা করেন জাতীয় প্রতিবন্ধী ফোরামের মহাসচিব জওয়াহেরুল মামুন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসডব্লিউ/এএল/১৮৫৯ ঘ.