সিলেট, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- স্বাস্থ্যখাতে সরকারি বরাদ্দ যথাযথভাবে ব্যবহার হচ্ছে না বলে মন্তব্য করেছেন জাতীয় মানবাধিকার কমিশনের চেয়ারম্যান মিজানুর রহমান।
বুধবার বিকালে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতাল পরিদর্শনকালে তিনি সাংবাদিকদের একথা বলেন।
এ সময় হাসপাতালের ব্যবস্থাপনার তীব্র সমালোচনা করেন মানবাধিকার কমিশন প্রধান।
মিজানুর রহমান বলেন, বংলাদেশ দরিদ্র রাষ্ট্র। নানা সীমাবদ্ধতার মধ্যেও সরকার স্বাস্থ্যখাতে বরাদ্দ দিচ্ছে। সেগুলোর যথাযথ ব্যবহার হচ্ছে না।
দুর্নীতি ও অব্যবস্থাপনার কারণে গরীব মানুষের একমাত্র আশ্রয়স্থল সরকারি হাসপাতালগুলোয় তারা সেবা পচ্ছে না।
হাসপাতালটির সার্বিক চিত্র দেখে তিনি বলেন, "সরকারি হাসপাতালে এ রকম অরাজকতা, অব্যবস্থাপনা ও নোংরা পরিবেশ অকল্পনীয়।"
রোগীদের প্রয়োজনীয় সেবা থেকে বঞ্চিত করার দায়দায়িত্ব ও জবাবদিহিতা হাসপাতাল কর্তৃপক্ষ ও স্বাস্থ্য মন্ত্রণালয়কে নিতে হবে, বলেন তিনি।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের নোংরা পরিবেশ, ৮-১০ দিন পরও রোগীর বিছানার চাদর না বদলানো, বিছানা খালি থাকা স্বত্বেও মেঝেতে রোগী রাখা, অপ্রতুল খাবার সরবরাহ, রোগীদের বালিশ বরাদ্দ না দেওয়া ও রোগীকে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ না করার বিষয়গুলো প্রত্যক্ষ করেন তিনি।
এ সময় মিজানুর রহমান বিভিন্ন ওয়ার্ডে রোগীদের সঙ্গে কথা বলেন।
ওই সময় উপস্থিত সাংবাদিকদের তিনি বলেন, যাদের পয়সা আছে তারা সরকারি হাসপাতালে না এসে প্রাইভেট হাসপাতালে যায়। সরকারি হাসপাতালে আসে গরীব মানুষেরা।
এর আগে দুপুরে তিনি নগরীর সরকারি অগ্রগামী বালিকা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করে শিক্ষার্থীদের সঙ্গে নানা বিষয়ে কথা বলেন।
এসময় মিজানুর রহমান বলেন, "দেশটাকে বদলাদে হবে, দুর্নীতিমুক্ত করতে হবে। মুক্তিযোদ্ধরা যে দেশ চেয়েছিলেন সে দেশ গড়তে আমাদের কাজ করতে হবে।"
তিনি নগরীর বাঘবাড়ি এলাকায় অবস্থিত সরকারি শিশুসদনও পরিদর্শন করেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৯ ঘ.
bdnews24