রংপুর, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শিক্ষামন্ত্রীর অনুষ্ঠানে এক কলেজ ছাত্রকে শিক্ষক ঘুষি মারার পর শিক্ষার্থীদের বিক্ষোভ ও ভাংচুরে রংপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হয়ে গেছে।
বুধবার দুপুরে রংপুর জিলা স্কুল মাঠে শিক্ষকের ঘুষিতে রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের অটো মোবাইল বিভাগের দ্বাদশ শ্রেণীর ছাত্র অশ্বিনী কুমার (১৯) এর নাক ফেটে যায়।
তাকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বুধবার সকালে জিলা স্কুল মাঠে জাতীয় খেলাধুলা ও সাঁতার প্রতিযোগিতা উদ্বোধন করেন।
জেলা শহরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা ওই অনুষ্ঠানে যোগ দেয়। রংপুর টেকনিক্যাল স্কুল ও কলেজের প্রায় দেড় হাজার শিক্ষার্থীও ছিলো সেখানে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর ১২টার দিকে অনুষ্ঠান চলাকালে অশ্বিনী কুমার রোদের কারণে শোভাযাত্রা থেকে বেরিয়ে ছায়ার দিকে এগোলে ওই প্রতিষ্ঠানের শিক্ষক ফকরুল ইসলাম রাগান্বিত হয়ে তার নাকে ঘুষি বসিয়ে দেন।
সঙ্গে সঙ্গে অশ্বিনী কুমারের নাক দিয়ে রক্ত পড়তে থাকে বলে সহপাঠিরা জানান।
দুপুর সাড়ে ১২টার দিকে জিলা স্কুল থেকে নিজ শিক্ষা প্রতিষ্ঠানে ফিরে রংপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থীরা ফকরুল ইসলামের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল করে এবং কলেজের কয়েকটি শ্রেণী কক্ষের দরজা-জানালা ভাংচুর করে।
পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে। উত্তেজনাকর পরিস্থিতিতে কর্তৃপক্ষ কলেজ বন্ধের ঘোষণা দেয়।
কলেজের অধ্যক্ষ প্রকৌশলী অনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বিষয়টি তদন্ত করা হচ্ছে।
"তবে ছাত্রটিকে এভাবে মারা ঠিক হয়নি," বলেন অধ্যক্ষ।
শিক্ষক ফখরুলের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি।
৪০তম জাতীয় খেলাধুলা ও সাঁতার প্রতিযোগীতায় অংশ নিতে সারা দেশের ৬০টি জেলা থেকে ৪২৪ জন শিক্ষার্থী রংপুরে অবস্থান করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/এমআই/১৬২৫ ঘ.
bdnews24