২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দ্বিতীয় দিনের মতো দরপতন

দেশের দুই পুঁজিবাজারেই কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। আগের দিনের চেয়ে কমেছে লেনদেনও।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 08:18 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দেশের দুই পুঁজিবাজারেই কমেছে বেশিরভাগ কোম্পানির শেয়ারের দাম। আগের দিনের চেয়ে কমেছে লেনদেনও। মঙ্গলবার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সাধারণ সূচক কমে ১১২ পয়েন্ট। বুধবার দিনভর সূচকের ওঠানামা করলেও লেনদেন শেষ হয়েছে সূচক কমার মধ্য দিয়েই। এদিন ডিএসই সাধারণ সূচক ২৮ দশমিক ১৩ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ৫৮৫১ পয়েন্টে। আগের দিনের চেয়ে লেনদেন কমেছে প্রায় প্রায় ২০০ কোটি টাকা। বুধবার ডিএসইতে মোট ৩১৯ কোটি ৭৯ লাখ টাকার লেনদেন হয়। আগের দিন লেনদেনের পরিমাণ ছিল ৫১২ কোটি ৯০ লাখ টাকা। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) বাছাই সূচক বুধবার ৪৮ দশমিক ৪৯ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১০ হাজার ৬১৪ পয়েন্টে। বুধবারের দরপতন বিষয়ে জানতে চাওয়া হলে সিএসই সভাপতি ফখর উদ্দিন আলী আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "যারা কম দামে শেয়ার কিনেছিল তারা আজ বিক্রি করছে। এর ফলে বিক্রির চাপ কিছুটা বেড়েছে।" লেনদেন কমে যাওয়া প্রসঙ্গে তিনি বলেন, "দাম কমে যাওয়া দেখে আবার অনেক বিনিয়োগকারীই লেনদেনে অংশ নেয়নি। ফলে লেনদেন কমেছে।" গত সপ্তাহে ডিএসই সাধারণ সূচক ৫ দশমিক ২৭ শতাংশ কমে দাঁড়ায় ৫৬৫২ পয়েন্টে। বাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি), কেন্দ্রীয় ব্যাংক ও বাজার সংশ্লিষ্ট সংগঠনের উদ্যোগে রোববার ও সোমবার ইতিবাচক ভাব দেখা যায় দেশের দুই পুঁজিবাজারে। এ দু'দিনে ডিএসই সাধারণ সূচক বেড়ে যায় ৩৩৯ পয়েন্টে। বুধবার ডিএসইতে লেনদেন হওয়া কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ারের মধ্যে দাম বেড়েছে ৯০টির, কমেছে ১৪৮টির। বদলায়নি ২০ টির দাম। ডিএসইতে বুধবার লেনদেনের শীর্ষে ছিল- লাফার্জ সুরমা সিমেন্ট, বেক্সিমকো লিমিটেড, বেক্সিমকো ফার্মা, সামিট পাওয়ার, মালেক স্পিনিং, লংকা বাংলা ফাইন্যান্স, গ্রামীণ ফোন, পিএলএফএসএল, সিটি ব্যাংক ও আফতাব অটো। দাম বাড়ার শীর্ষে ছিলÑ ফার্মা এইডস, চিটাগাং ভেজিটেবলস, জেমিনি সি ফুডস, ষষ্ঠ আইসিবি, বঙ্গজ, এলআর গ্লোবাল মিউচুয়াল ফান্ড ১, দ্বিতীয় আইসিবি, রিলায়েন্স ইন্সুরেন্স, ওসিএল ও সিটি জেনারেল ইন্সুরেন্স। এদিকে দাম কমার শীর্ষে ছিল- গ্রামীণ ওয়ান: স্কিম দুই মিউচুয়াল ফান্ড, অ্যাপেক্স স্পিনিং, গ্রামীণ মিউচুয়াল ফান্ড ওয়ান, ইস্টার্ণ লুব্রিক্যান্টস, ফারইস্ট ইসলামী লাইফ ইন্সুরেন্স, রেকিট বেনকিজার, বিএসসি, কেপিসিএল, প্রগতি লাইফ ইন্সুরেন্স ও আইসিবি ইসলামী ব্যাংক। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরবি/এসইউ/১৬০৩ ঘ.