২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সীতাকুণ্ডে লেভেল ক্রসিংয়ে দুর্ঘটনায় নিহত ৫

চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে জিপের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। নিহতরা সবাই রাষ্ট্রায়াত্ত গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজের কর্মী।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Sep 2011, 05:57 AM

Updated : 24 Aug 2022, 04:25 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৮ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের সীতাকুণ্ডে একটি লেভেল ক্রসিংয়ে ট্রেনের সঙ্গে জিপের সংঘর্ষে পাঁচ জন নিহত হয়েছে। নিহতরা সবাই রাষ্ট্রায়াত্ত গাড়ি সংযোজনকারী প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজের কর্মী। বুধবার সকাল ১১টার দিকে বাড়বকুণ্ডে এ দুর্ঘটনা ঘটে বলে মহাসড়ক পুলিশের কুমিরা ফাঁড়ির উপপরিদর্শক শাহ মো. আরিফুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। পাঁচ জনের মৃত্যুর কথা নিশ্চিত করেছেন আরিফুর। আহত হয়েছেন দুজন। হতাহতরা সবাই জিপে ছিলেন। ট্রেনটি হলো চট্টগ্রাম থেকে চাঁদপুরগামী কর্ণফুলী এক্সপ্রেস। দুর্ঘটনার তদন্ত শুরু করেছে রেলওয়ে। দুর্ঘটনার পরপর স্থানীয়রা ট্রেনটি প্রায় এক ঘণ্টা আটকে রাখে। পরে পুলিশের হস্তক্ষেপে ১২টার দিকে ট্রেনটি গন্তব্যে রওনা হয়। বাড়বকুণ্ডে প্রগতির কারখানাটি ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক থেকে ভেতরের দিকে। কারখানায় যাওয়ার সড়কেই লেভেল ক্রসিং। জিপটি কারখানা থেকে প্রাতিষ্ঠানিক কাজে সীতাকুণ্ডে একটি ব্যাংকে যাচ্ছিলো বলে প্রগতি ইন্ডাস্ট্রিজের হিসাব রক্ষণ কর্মকর্তা শফিকুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়েছেন। নিহতরা হলেন- প্রগতির হিসাব রক্ষণ কর্মকর্তা তোফায়েল আহমেদ, সহকারী বিপণন কর্মকর্তা সালেহ আহমেদ, টেকনিশিয়ান বাদল বড়–য়া, পিয়ন আহসান উল্লাহ ও গাড়িচালক মোরশেদ। আহতরা হলেন- নিরাপত্তাকর্মী আব্দুল বারেক ও খায়ের হোসেন। তাদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মহাসড়ক পুলিশের কর্মকর্তা আরিফুর বলেন, জিপটি যে দিক থেকে আসছিলো সে দিকে ক্রসিংয়ের গেট খোলা ছিলো, যদিও বিপরীত দিকে আটকানো ছিলো। ট্রেনটি জিপটিকে টেনে কয়েকশ গজ নিয়ে যায় বলে জানান তিনি। রেলওয়ে পূর্বাঞ্চলের বিভাগীয় ট্রাফিক কর্মকর্তা জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, দুর্ঘটনা তদন্তে রেলওয়ের একটি দল ঘটনাস্থলে যাচ্ছে। ওই লেভেলক্রসিংটি অনুমোদিত বলেও জানান তিনি। প্রগতির প্রশাসনিক কর্মকর্তা শরীফুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ক্রসিংয়ে একজন লাইনম্যান কাজ করেন। তার বেতনের অর্থ প্রগতিই দেয়। তবে দুর্ঘটনার সময় লাইনম্যান কোথায় ছিলেন, তা কেউ বলতে পারেননি। শরীফুল বলেন, ওই লেভেল ক্রসিংয়ে এক পাশেই শুধু গেট বা বার আছে। অন্য পাশটিতে ছিলো না। যে পাশে বার ছিলো না, সে দিন থেকেই জিপটি আসছিলো বলে স্থানীয়রা জানায়। দুর্ঘটনায় পাঁচ জনের মৃত্যুতে শিল্পমন্ত্রী দিলীপ বড়–য়া শোক প্রকাশ করেছেন। তিনি প্রয়াতদের আত্মার শান্তি কামনা করেছেন। তিনি শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান এবং আহতদের আরোগ্য কামনা করেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/এমআই/১৪৩৫ ঘ.