২৩ নভেম্বর ২০২৬, ০৮ অগ্রহায়ণ ১৪৩৩

ট্রান্সশিপমেন্ট প্রথম বাণিজ্যিক চালান ত্রিপুরার পথে

ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় ভারতীয় বাণিজ্যিক পণ্যের প্রথম চালানটি আশুগঞ্জ নদীবন্দর থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 04:23 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

শেখ শাহরিয়ার জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় ভারতীয় বাণিজ্যিক পণ্যের প্রথম চালানটি আশুগঞ্জ নদীবন্দর থেকে ত্রিপুরার উদ্দেশ্যে রওনা হয়েছে। ১০০ টন গ্যালভানাইজড ইস্পাতবাহী চার ট্রাকের এই বহরটি মঙ্গলবার সন্ধ্যায় আখাউড়া-আগরতলা সীমান্তের উদ্দেশ্যে রওনা হয়। বুধবার সকালের দিকে চালানটি সীমান্ত অতিক্রম করবে আশা করছেন গাল্ফ ওরিয়েন্টের ব্যবস্থাপনা পরিচালক শেখ মাহফুজ হামিদ। ব্যক্তিমালিকানাধীন প্রতিষ্ঠান গাল্ফ ওরিয়েন্ট কলকাতা থেকে এসব পণ্য বাংলাদেশের ওপর দিয়ে ত্রিপুরায় পৌঁছে দেওয়ার দায়িত্বে রয়েছে। এ প্রতিষ্ঠানটিই চলতি বছরের শুরুতে ভারতের পালটানা বিদ্যুৎকেন্দ্রের জন্য ভারী যন্ত্রাংশ আশুগঞ্জ থেকে ত্রিপুরায় পৌঁছে দিয়েছিল। ৮৫টি বাক্সে ৩০৫ টন গ্যালভানাইজ ইস্পাত নিয়ে হুমিবাবা নামে একটি জাহাজ গত ১ সেপ্টেম্বর কলকাতার খিদিরপুর থেকে রওনা হয়। নদীপথে ১৫ সেপ্টেম্বর আশুগঞ্জ পৌঁছায় চালানটি। জাহাজ থেকে মাল খালাসের পর প্রথম দফায় ১০০ টন পণ্য চারটি ট্রাকে তোলা হয়। মঙ্গলবার বিকেলে এই ট্রাকবহর আখাউড়া স্থলবন্দরের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। বাকি ২০০ টন ইস্পাতও শিগগিরই ত্রিপুরা পাঠানো হবে বলে মাহফুজ হামিদ জানান। তিনি বলেন, ইস্পাতবাহী আরো দুটি জাহাজ কলকাতা থেকে আশুগঞ্জের উদ্দেশ্যে রওনা হয়েছে। আখাউড়া স্থলবন্দরের কাস্টমস কর্মকর্তা সুভাষ চন্দ্র কুণ্ডু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমের প্রতিনিধি পীযূষ কান্তি আচার্যকে বলেন, "আমাদের মৌখিকভাবে জানানো হলেও লিখিতভাবে এ বিষয়ে কিছু বলা হয়নি। কাগজপত্র ঠিক থাকলে আমরা সীমান্ত অতিক্রমের অনুমতি দিয়ে দেব।" বাংলাদেশ যা পাবে শেখ মাহফুজ হামিদ জানান, পণ্য পরিবহন এবং নৌ বন্দর ব্যবহারের সুযোগ দেওয়ার বিনিময়ে এবার প্রতি টন পণ্যের জন্য ৫০ ডলার করে পাচ্ছে বাংলাদেশ। নৌযান ও ট্রাকের ভাড়া, বিআইডব্লিউটিএর ফি ও নদীর টোল, সিএন্ডএফ কমিশন এবং শ্রমিক ব্যয়সহ বিভিন্ন খাতের আওতায় সরকার ও ব্যক্তি খাতে বাংলাদেশ এই অর্থ আয় করছে। মাহফুজ হামিদ জানান, ট্রান্সশিপমেন্টে পণ্য ওঠানামার কাজটি হাতে করা হলে প্রতি টনে ৩৭ ডলার করে পাবে বাংলাদেশ। এছাড়া ছোট ক্রেন ব্যবহার করা হলে প্রতি টনে ৫০ এবং বড় ক্রেন ব্যবহারের ক্ষেত্রে ৭২ ডলার করে পাওয়া যাবে। "এই পুরো অর্থ বাংলাদেশকে পরিশোধ করতে হবে ডলারে। এছাড়া মোট অর্থের ওপর ৮.৫ শতাংশ হারে কর ও ভ্যাট পাবে সরকার।" তিনি জানান, ট্রান্সশিপমেন্ট সুবিধার আওতায় আগামী অক্টোবরে ৫ হাজার টন এইচআর কয়েল এবং ডিসেম্বরে ১৬ হাজার টন বিটুমিন পরিবহনের জন্য এরইমধ্যে চুক্তি করেছে গাল্ফ ওরিয়েন্ট। সেক্ষেত্রে এই সেবার বিনিময়ে অক্টোবরেই সাড়ে ৩ লাখ ডলার আয় করবে বাংলাদেশ। এছাড়া আরো প্রতিষ্ঠান আছে, যারা ভারতের পশ্চিমাঞ্চল থেকে পূর্বাঞ্চলীয় রাজ্যে পণ্য পরিবহনের দায়িত্ব পেয়েছে। সরকার ২০১০-১১ অর্থবছরের বাজেটে ট্রানজিট ও ট্রান্সশিপমেন্টের ক্ষেত্রে প্রতি কনটেইনারের জন্য ১০ হাজার টাকা এবং ভারী পণ্যের ক্ষেত্রে প্রতি টনে এক হাজার টাকা ফি নির্ধারণের প্রস্তাব করলেও পরে তা তুলে নেওয়া হয়। ভারতকে এই সুবিধা দেওয়ার জন্য গত বছর মে মাসে আশুগঞ্জকে দেশের দ্বিতীয় ট্রান্সশিপমেন্ট ঘোষণা করা হয়। গত ৬ ও ৭ সেপ্টেম্বর ভারতীয় প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের ঢাকা সফরে দুই দেশের মধ্যে ট্রানজিটের সম্মতিপত্র বিনিময়ের কথা থাকলেও তিস্তা চুক্তি স্থগিত হওয়ায় শেষ মুহূর্তে তা আটকে যায়। অবশ্য ৭ সেপ্টেম্বর দুই দেশের প্রধানমন্ত্রীর যৌথ ঘোষণায় বলা হয়, ট্রানজিট বাস্তবায়নে সব আনুষ্ঠানিকতা দ্রুত শেষ করার জন্য দুই দেশের কর্মকর্তাদের নির্দেশ দেওয়া হয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/জেকে/২২১২ ঘ.