চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পতেঙ্গা সমুদ্র সৈকতকে পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তুলতে ৮৬ কোটি টাকার একটি প্রকল্প নিয়েছে চট্টগ্রাম সিটি করপোরেশন।
পর্যটন দিবসের এক আলোচনা সভায় মঙ্গলবার মেয়র মনজুর আলম বলেন, "এ প্রকল্পটি মন্ত্রণালয়ের অনুমোদনের অপেক্ষায় আছে। এটি বাস্তবায়িত হলে পর্যটন নগরী হিসেবে চট্টগ্রাম আরো একধাপ এগিয়ে যাবে।"
চট্টগ্রামের পর্যটন শিল্পের সম্ভাবনাকে কাজে লাগাতে প্রাতিষ্ঠানিকভাবে কোনো পরিকল্পিত উদ্যোগ নেই বলেও অভিযোগ করেন তিনি।
নগরীর জিইসি মোড়ে একটি হোটেলে অনুষ্ঠিত আলোচনা সভায় তিনি বলেন, প্রাকৃতিক সৌন্দর্যের লীলাভূমি চট্টগ্রামে পর্যটন শিল্প বিকাশের অভাবনীয় সম্ভাবনা রয়েছে। এখানকার সৌন্দর্য্য উপভোগে দেশি- বিদেশি পর্যটকরা ছুটে আসেন।
"কিন্তু চট্টগ্রামের পর্যটন শিল্পের সম্ভাবনাকে পর্যটকদের কাছে দৃষ্টিনন্দনভাবে উপস্থাপনের জন্য তেমন কোনো পরিকল্পিত প্রাতিষ্ঠানিক উদ্যোগ লক্ষ্য করা যাচ্ছে না", যোগ করেন মেয়র।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন বেসরকারি হোটেল ওয়েল পার্কের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ সিরাজুল ইসলাম। বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম প্রেসক্লাবের সভাপতি আবু সুফিয়ান।
এর আগে সকালে বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সহায়তায় ওয়েল পার্ক কর্তৃপক্ষের উদ্যোগে পর্যটন দিবসের একটি র্যালি বের করা হয়।
ব্যানার, ফ্যাস্টুন ও প্লে- কার্ড সম্বলিত র্যালিটি জিইসি মোড় থেকে শুরু হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৯২১ ঘ.
bdnews24