২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শব্দ দূষণের জন্য ওয়াসার এমডিকে সতর্কীকরণ

জেনারেটরের উচ্চ শব্দে জনদুর্ভোগ সৃষ্টির করায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে সতর্ক করেছে পরিবেশ অধিদপ্তর।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জেনারেটরের উচ্চ শব্দে জনদুর্ভোগ সৃষ্টির করায় ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালককে সতর্ক করেছে পরিবেশ অধিদপ্তর। রাজধানীর লালমাটিয়ায় ওয়াসা অফিস চত্বরে (মড্স জোন-৩) স¤প্রতি ১ মেগাওয়াট ক্ষমতা সম্পন্ন জেনারেটর চালু করায় ওই এলাকায় মারাত্মক শব্দ দূষণ হচ্ছে বলে অভিযোগ জানায় এলাকাবাসী। ওয়াসার কর্মকর্তাদের মঙ্গলবার তলব করে আগামী ১ মাসের মধ্যে জেনারেটরের কারণে সৃষ্ট অসহনীয় শব্দ দূষণ নিয়ন্ত্রণে সব ধরনের প্রতিকারমূলক ব্যবস্থা নেওয়া নির্দেশ দেন পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী। অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শব্দ দূষণ নিয়ন্ত্রণে ব্যবস্থা না নেওয়া পর্যন্ত রাত ৯টা থেকে ভোর ৬টা পর্যন্ত জেনারেটর বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে ওয়াসা কর্তৃপক্ষ সমস্যা সমাধানে ব্যর্থ হলে শব্দ দূষণকারী জেনারেটরটি জব্দ করে জরিমানা আদায় ও মামলা দায়ের করা হবে। এর আগে পরিবেশ অধিদপ্তরের একটি পরিদর্শন দল ওই এলাকায় শব্দ দূষণের মাত্রা পরিমাপ করে শব্দের মান পান যথাক্রমে- ৮০, ৭৮ ও ৭৫ ডেসিবল, যা জনস্বাস্থ্যের জন্য ক্ষতিকর। ওই এলাকায় পরিবেশ আইনে শব্দের সহনীয় মাত্রা ৫৫ ডেসিবল উল্লেখ করে বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১৭ সেপ্টেম্বর থেকে এ জেনারেটরটি অবিরাম চালু রয়েছে। এর বিকট শব্দে বৃদ্ধ ও শিশুসহ ১১ জন হাসপাতালে ভর্তি হয়েছে। গ্যাস চালিত এই জেনারেটরের সৃষ্ট তাপে আশপাশের গাছপালাও পুড়ে যাচ্ছে বলে বলা হয় বিজ্ঞপ্তিতে। ওয়াসার পক্ষে নির্বাহী প্রকৌশলী মোস্তাফিজুর রহমান ও প্রকল্প পরিচালক বাহরুল ইসলাম পরিবেশ অধিদপ্তরে হাজির হয়ে অভিযোগের সত্যতা স্বীকার করে দ্রুত শব্দদূষণ নিয়ন্ত্রণের ব্যবস্থা গ্রহণের লিখিত অঙ্গিকারনামা দাখিল করেন। পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে এ সমস্যা সমাধানে প্রয়োজনে বাংলাদেশ প্রকৌশল ও কারিগরী বিশ্ববিদ্যালয় কিংবা স্বীকৃত কারিগরী প্রতিষ্ঠান থেকে পরামর্শ গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে বলে জানানো হয় বিজ্ঞপ্তিতে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/আরএ/১৮৫৫ ঘ.