২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পর্যটনের বিকাশে বিবি রাসেল ও কুমার বিশ্বজিৎ

বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে একটি বেসরকারি পর্যটন প্রতিষ্ঠানের হয়ে দেশ-বিদেশে প্রচার চালাবেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল এবং গায়ক কুমার বিশ্বজিৎ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 11:48 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশের পর্যটন শিল্পের বিকাশে একটি বেসরকারি পর্যটন প্রতিষ্ঠানের হয়ে দেশ-বিদেশে প্রচার চালাবেন ফ্যাশন ডিজাইনার বিবি রাসেল এবং গায়ক কুমার বিশ্বজিৎ। মঙ্গলবার জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ ট্যুরিজম ফাউণ্ডেশনের এক আলোচনা সভায় জানানো হয়, বিবি রাসেল তাদের 'আন্তর্জাতিক শুভেচ্ছা দূত' হিসেবে বিদেশে এবং সংগীত শিল্পী কুমার বিশ্বজিৎ 'অভ্যন্তরীণ শুভেচ্ছা দূত' হিসেবে দেশে বিভিন্ন প্রচারনায় অংশ নেবেন। চার বছরের জন্য তাদের শুভেচ্ছা দূত মনোনীত করা হয়েছে বলে জানানো হয় অনুষ্ঠানে। বিবি রাসেল বলেন, "বাংলাদেশের বর্ষার রূপ বিশ্বোর আর কোথায় পাব? দেশের এই বৈচিত্র্যের কথা বিশ্বে পরিচিত করে তোলা সবার দায়িত্ব। দেশের ইতিহাস ও ঐতিহ্য সম্পর্কে নিজেকে জানতে হবে, অন্যদেরও জানাতে হবে।" অনুষ্ঠান শেষে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, "পর্যটন শিল্পকে দেশে ও বিদেশে পরিচিত করে তুলতে দলগতভাবে কাজ করতে হবে। এজন্য বিশ্বজিৎ ও আমি একসঙ্গে কাজ করবো।" এক প্রশ্নের জবাবে তিনি বলেন, "এ জন্য ফাউণ্ডেশন আমাকে কোনো আর্থিক সহযোগিতা দেবে না। দেশের স্বার্থে এবং নিজের মানসিক শান্তির জন্যই দেশের হয়ে কাজ করবো।" আন্তর্জাতিক অঙ্গনে খ্যাতি পাওয়া এই বাংলাদেশি ফ্যাশন ডিজাইনার বলেন, "আমাকে প্রায়ই বিশ্বের বিভিন্ন দেশে যেতে হয়। দেশের পর্যটন শিল্পের বিকাশে এই সুযোগ আমি কাজে লাগাতে চাই।" অসুস্থতার জন্য কুমার বিশ্বজিৎ আলোচনা সভায় আসতে পারেননি বলে ট্যুরিজম ফাউণ্ডেশনের সভাপতি মোখলেছুর রহমান জানান। 'বাংলাদেশের পর্যটনে সংস্কৃতি ও প্রতœতত্ত্বের প্রভাব' শীর্ষক এ আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিক বলেন, "কোনো হীনমন্যতায় না ভুগে দেশের যে সম্পদ আছে তার যথাযথ মূল্যায়ন করতে হবে। অভ্যন্তরীণ পর্যটন শিল্পে বিকাশ ঘটাতে পারলে বিদেশি পর্যটকরাও আকৃষ্ট হবে।" অন্যদের মধ্যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের পতœতত্ত্ব বিভাগের অধ্যাপক সুফি মুস্তাফিজুর রহমান, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক আসিফ নজরুল, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি বিভাগের অধ্যাপক মো. আশরাফুল ইসলাম চৌধুরী, বাংলাদেশ ট্যুরিজম বোর্ডের সদস্য এ কে এম বারী অনুষ্ঠানে বক্তব্য দেন। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এসইউ/১৭৩১ ঘ.