২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

গাঁজা বিক্রেতা পুলিশ

কোনো মাদক ব্যবসায়ী নয়, অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে। আর তাও নিষিদ্ধ গাঁজা বিক্রির। ঢাকার আশুলিয়ায় এমনই অভিযোগে এক উপ-পরিদর্শকসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Sep 2011, 10:24 AM

Updated : 24 Aug 2022, 04:24 PM

সেলিম আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিনিধি সাভার, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- কোনো মাদক ব্যবসায়ী নয়, অভিযোগ খোদ পুলিশের বিরুদ্ধে। আর তাও নিষিদ্ধ গাঁজা বিক্রির। ঢাকার আশুলিয়ায় এমনই অভিযোগে এক উপ-পরিদর্শকসহ চার পুলিশ সদস্যকে প্রত্যাহার করা হয়েছে। ওই চার পুলিশ সদস্য হলেন- আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) শাহাদাত হোসেন, কনস্টেবল হাবিবুর রহমান, সারোয়ার হোসেন ও মিজানুর রহমান। ঢাকা জেলা পুলিশ সুপার মিজানুর রহমান মঙ্গলবার দুপুরে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "ওই চার পুলিশ সদস্যদের বিরুদ্ধে গাঁজাসহ একটি কর্ভাডভ্যান আটকের পর ছেড়ে দেওয়া এবং উদ্ধারকৃত গাঁজা বিক্রির অভিযোগ পাওয়া গেছে। প্রাথমিকভাবে ঘটনার সত্যতাও মিলেছে। তাই তাদের প্রত্যাহার করা হয়েছে।" এ ছাড়া প্রকৃত ঘটনা তদন্তে অতিরিক্ত পুলিশ সুপার শেখ রফিকুল ইসলামকে প্রধান করে দুই সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে বলেও জানান তিনি। কমিটির অপর সদস্য হলেন- সাভার সার্কেলের এএসপি মনোয়ার হোসেন। তদন্ত কমিটিকে আগামী ৭ দিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। নাম প্রকাশ না করার শর্তে আশুলিয়া থানার একাধিক পুলিশ কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গত ১২ সেপ্টেম্বর রাত আনুমানিক ১১টার দিকে এক সোর্সের মাধ্যমে সংবাদ পেয়ে আশুলিয়া থানার পাশে সম্ভার ফিলিং স্টেশনের সামনে একটি কর্ভাডভ্যান আটক করে পুলিশ। ওই রাতেই মোটা অংকের অর্থের বিনিময়ে কর্ভাডভ্যানসহ আটক দুই মাদক ব্যবসায়ীকে ছেড়ে দিয়ে উদ্ধার করা ১১০ কেজি গাঁজা অন্যত্র সরিয়ে রাখে। পরদিন এক মাদক ব্যবসায়ীর কাছে সেগুলো বিক্রি করে দেয়। তবে ঘটনাটি ফাঁস হয়ে গেলে পাঁচ কেজি গাঁজা উদ্ধার দেখিয়ে ২৪ সেপ্টেম্বর একটি মামলা দায়ের করা হয়। ওই মামলায় ২৫ সেপ্টেম্বর আয়নাল মিয়া ও বিপ্লব হোসেন নামে দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে তারা প্রত্যাহার করা পুলিশ সদস্যদের কাছ থেকে গাঁজা কেনার কথা স্বীকার করেন। এদিকে অভিযুক্ত এসআই শাহাদাত হোসেন গাঁজা বিক্রির কথা অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "আমাকে প্রত্যাহারের কোনো কাগজ এখনও পাইনি।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এএল/১৬২০ ঘ.