ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- শুভ মহালয়ার মাধ্যমে মঙ্গলবার শুরু হলো দুর্গাপূজার আনুষ্ঠানিক সূচনা।
সকাল ১০টার দিকে ঢাকেশ্বরী মন্দিরে শুরু হয় মহালয়ার আনুষ্ঠানিকতা। মহালয়ার ষষ্ঠ দিন আগামী ২ অক্টোবর থেকে ষষ্ঠীপূজার মাধ্যমে আনুষ্ঠানিক সুচনা হবে পাঁচদিনব্যাপী দুর্গোৎসবের।
ঢাকেশ্বরী মন্দিরের প্রধান পুরোহিত প্রদীপ কুমার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হিন্দু স¤প্রদায়ের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা শুরুর আগে মহালয়া তিথিতে চন্ডীপাঠের মাধ্যমে দেবীকে আহ্বান জানানো হয় মর্ত্যলোকে।"
মহালয়া দুর্গোৎসবের একটি গুরত্বপূর্ণ অংশ। দেবীর আরাধনা সুচিত হয় মহালয়ার মাধ্যমে। মহালয়ার দিন থেকেই মূলত দুর্গাপূজার ক্ষণগণনা শুরু হয়।
মহানগর পূজা উদযাপন পরিষদের সাধারণ সম্পাদক বাবুল দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "পঞ্জিকামতে এবার দেবীর আগমন ঘটবে গজে অর্থাৎ হাতির পিঠে চড়ে, এর ফলে বসুন্ধরা শস্যপূর্ণা হয়ে উঠবে"।
বাবুল দেবনাথ জানান, পুরাণমতে রাজা সুরথ প্রথম দেবী দুর্গার আরাধনা শুরু করেন। বসন্তে তিনি এই পূজার আয়োজন করায় দেবীর এ পূজাকে বাসন্তি পূজাও বলা হয়।
কিন্তু রাবণের হাত থেকে সীতাকে উদ্ধার করতে যাওয়ার আগে শ্রী রামচন্দ্র দেবী পূজার আয়োজন করেছিলেন শরৎকালের অমাবস্যা তিথিতে। এ জন্য শরৎকালের এই পূজাকে হিন্দুমতে অকালবোধনও বলা হয়।
দুর্গাপূজার নির্ঘণ্ট অনুযায়ী আগামী ২ অক্টোবর ষষ্ঠীপূজার দিনে দেবী দুর্গার বোধনও অধিবাস এবং পর্যায়ক্রমে সপ্তমী, অষ্টমী নবমী পার করে ৬ অক্টোবর বিজয়া দশমী ও প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে এ মহানুষ্ঠানের সমাপ্ত হবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৪৩৪ ঘ.
bdnews24