ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রতারণার একটি মামলায় দৈনিক আমাদের সময় এর সম্পাদক নাইমুল ইসলাম খানকে তলব করেছে আদালত।
মঙ্গলবার সকালে মামলার পর দুপুরে তলবের এ আদেশ দেন ঢাকা মহানগর হাকিম শাহাদত হোসেন। নাইমুল ইসলামকে ১৭ নভেম্বর আদালতে হাজির হতে হবে।
মামলাটি করেছেন বিএনএস গ্র"পের চেয়ারম্যান এমএনএইচ বুলু। এ ব্যবসায়ীর অভিযোগ, পত্রিকার শেয়ার দেওয়ার কথা বলে তার কাছ থেকে অর্থ হাতিয়ে নিয়েছেন নাইমুল ইসলাম খান।
মামলার আরজিতে বলা হয়, আমাদের সময় পত্রিকাটি দুরবস্থায় পড়লে নাইমুল ইসলাম তৃতীয় এক ব্যক্তির মাধ্যমে বাদির ব্যবসায়িক কার্যালয় বনানীর ওশান টাওয়ারে দেখা করে পত্রিকার শেয়ার কেনার অনুরোধ করেন।
শেয়ার কেনায় রাজি হয়ে নগদ ও চেকের মাধ্যমে বিভিন্ন সময়ে ২ কোটি ৩৫ লাখ টাকা নাইমুলকে দেওয়া হয় বলে বুলুর দাবি।
তিনি মামলায় বলেন, টাকা নেওয়ার পর তাকে না জানিয়ে গোপনে পত্রিকার শেয়ার অন্য এক জনকে হস্তান্তর করেন নাইমুল। আপত্তি তুললে ওই টাকা সুদসহ ফেরত দেওয়ার অঙ্গীকার করেন তিনি।
কিন্তু নাইমুল ইসলাম অঙ্গীকার রক্ষা না করায় তাকে গত ১৬ মার্চ আইনজীবীর মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয় বলে বুলু জানান।
নোটিস পাওয়ার পর আবারও নাইমুল দেখা করে সুদসহ টাকা ফেরত দেওয়ার প্রতিশ্র"তি দেন বলে বুলু জানান।
তিনি বলেন, এভাবে বেশ কয়েকবার প্রতিশ্র"তি দেওয়ার পরে গত ২৫ মে ওই টাকা দিতে সরাসরি অস্বীকার করেন নাইমুল। তাই তিনি আদালতের দ্বারস্ত হয়েছেন।
মামলায় বাদিসহ তিন জনকে সাক্ষী করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিবি/কিউএইচ/এমআই/১৩৩০ ঘ.
bdnews24