ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- প্রায় আট ঘণ্টা পর বিদ্যুৎ সংযোগ পুনঃস্থাপিত হয়েছে বঙ্গবন্ধু শেখ মুজিব চিকিৎসা বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ)।
মঙ্গলবার ভোর থেকে ওই হাসপাতাল বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন হয়ে পড়লে দুর্ভোগে পড়ে রোগীরা। তবে বিকল্প ব্যবস্থায় আইসিইউ, সিসিইউতে কাজ চলে।
বিএসএমএমইউ'র উপাচার্য প্রাণ গোপাল দত্ত সাংবাদিকদের জানান, দুপুর ২টা থেকে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক।
এর আগে হাসপাতালের পরিচালক আব্দুল মজিদ ভূঁইয়া দুপুর ১২টায় সাংবাদিকদের বলেন, পাঁচটি ব্লকের মধ্যে চারটিই দুপুর ১২টা থেকে বিদ্যুৎ পাচ্ছে।
"ডি ব্লকে বাকি আছে। আশা করছি, দুপুর ১টার মধ্যেই সেখানেও সংযোগ লাগবে," বলেন তিনি।
প্রত্যক্ষদর্শীরা জানায়, বিদ্যুৎ না থাকায় বহির্বিভাগে সেবা প্রায় বন্ধ ছিলো। অস্ত্রোপচারও হচ্ছিলো না। গরমে হাঁসফাঁস অবস্থা হয় রোগীদের।
লিফটগুলো বন্ধ থাকায় বিশেষজ্ঞ চিকিৎসকরা বহুতল ভবনগুলোর উঁচু তলায় থাকা বিভাগগুলোতে যেতে পারেননি।
ট্রান্সফর্মার বিকল হয়ে পড়ায় এ সমস্যা দেখা দিয়েছিলো বলে প্রথমে জানানো হলেও পরে কর্মকর্তারা জানিয়েছেন, তার জ্বলে এ সমস্যার সৃষ্টি হয়েছিলো।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/কেটি/এআরআর/এমআই/১৪৩০ ঘ.
bdnews24