২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে জালনোট তৈরির সময় গ্রেপ্তার ৫

নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজারে একটি বাড়ি থেকে বিপুল সংখ্যক জাল পাঁচশ' টাকার নোটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 06:59 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর কোতোয়ালি থানার ফিরিঙ্গিবাজারে একটি বাড়ি থেকে বিপুল সংখ্যক জাল পাঁচশ' টাকার নোটসহ পাঁচজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এছাড়া জালনোট তৈরির কাজে ব্যবহৃত কিছু রাসায়নিকও উদ্ধার করা হয়। সোমবার রাতে মসজিদ গলির মোয়াজ্জেম হোসেন সওদাগরের বাড়ির দ্বিতীয় তলার ২-বি ফ্ল্যাটে এ অভিযান চালানো হয়। গ্রেপ্তার হয়েছেন আলমগীর হোসেন (২৫), মো. আনোয়ার (২৭), মো. নাজিম উদ্দিন (৩৪), মো. সাগর (৩০) ও শফিকুর রহমান নিজামী (৪৫)। এদের মধ্যে সাগর ছাড়া বাকি সবার বাড়ি চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায়। কোতোয়ালি থানার ওসি (তদন্ত) আলমগীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গোপন সংবাদ পেয়ে রাত ১০টার দিকে অভিযান চালানোর সময় তাদের দলনেতা মোস্তাফিজ পালিয়েছে। এটি একটি বড় চক্র বলে জানান তিনি। গ্রেপ্তারদের কাছ থেকে ১৮৪টি নতুন বের হওয়া ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। গ্রেপ্তার প্রথম চারজন পুলিশকে জানান, শফিকুর রহমান নিজামী তাদেরকে মোস্তাফিজ নামের এক ব্যক্তির কাছে নিয়ে আসেন সোমবারই। এ কাজের জন্য প্রতিদিন তাদের প্রত্যেককে ৫০০ টাকা করে বেতন দেওয়ার কথা। শফিকুর রহমান নিজামী জানান, কক্সবাজারের মোস্তাফিজ তার পূর্ব পরিচিত। তিনি এই কাজ দেখতে এখানে এসেছিলেন। মোস্তাফিজ গত ১ সেপ্টেম্বর এই বাসাটি ভাড়া নিয়ে কাজ শুরু করেন বলেও তিনি জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/এমসি/ডিডি/০০৪৯ ঘ.