২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নার্সিং কলেজ করবে দ. কোরিয়া

বাংলাদেশে স্বাস্থ্য সেবার মানন্নোয়নে দক্ষ নার্স গড়ে তোলার লক্ষ্যে এক কোটি ২০ লাখ ডলার ব্যয়ে ঢাকায় একটি নার্সিং কলেজ প্রতিষ্ঠা করবে দক্ষিণ কোরিয়া।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Sep 2011, 06:40 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৭ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বাংলাদেশে স্বাস্থ্য সেবার মানন্নোয়নে দক্ষ নার্স গড়ে তোলার লক্ষ্যে এক কোটি ২০ লাখ ডলার ব্যয়ে ঢাকায় একটি নার্সিং কলেজ প্রতিষ্ঠা করবে দক্ষিণ কোরিয়া। ঢাকায় দক্ষিণ কোরিয়ার রাষ্ট্রদূত তাইয়োং চো সোমবার এক সেমিনারে বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার অনুরোধে তারা কলেজটি নির্মাণের উদ্যোগ নিয়েছেন। "এ বছরই আমরা কলেজের নির্মাণ প্রক্রিয়া শুরু করবো।" কেওআইসিএ- বাংলাদেশ অ্যালামনাই অ্যাসোসিয়েশন ও কোরিয়া ইন্টারন্যাশাল কোঅপারেশন এজেন্সি (কেওআইসিএ) যৌথভাবে ওই সেমিনারের আয়োজন করে। রাষ্ট্রদূত বলেন, ইউনিভার্সিটি অব কোরিয়ার দুই অধ্যাপক এবং একজন জ্যেষ্ঠ নার্স এ প্রকল্পের জন্য এখন ঢাকায় আছেন। "তারা যুক্তরাষ্ট্র থেকে উচ্চতর প্রশিক্ষণপ্রাপ্ত এবং কোরিয়ায় নার্স তৈরিতে কাজ করেন। তারা এখন বাংলাদেশকে সহায়তা করবেন।" নার্সিং বিষয়ে পাঠদানের উপযোগী করে কলেজ নির্মাণে পরামর্শ দেওয়ার জন্য তারা এখন ঢাকায় আছেন বলে জানান তিনি। রাষ্ট্রদূত বলেন, "২০১৩ সাল নাগাদ কলেজ প্রতিষ্ঠার কাজ শেষ হবে বলে আমরা আশা করছি। আরো কিছুটা সময় লাগতেও পারে। তবে ২০১৪ সাল নাগাদ এটা অবশ্যই শেষ হবে।" "রাজধানীতে কলেজটি গড়ে তোলা হবে। এ প্রকল্পে এক কোটি ২০ লাখ ডলার ব্যয় হবে। এখানে নার্সদের øাতকোত্তর পর্যায়ের পাঠদান করা হবে।" সারা দেশে প্রশিক্ষণ দিতে পারবেন- এমন প্রশিক্ষক এখানে তৈরি করা হবে। স্বাস্থ্য মন্ত্রণালয়ের মানব সম্পদ উন্নয়ন বিভাগের কর্মকর্তা ডা. খালেদ শামসুল ইসলাম এ উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, "দেশে চিকিৎসক ও নার্সের অনুপাতের মধ্যে যে ব্যবধান রয়েছে তা পূরণের চেষ্টা করছে সরকার।" "বর্তমানে একজন চিকিৎকের বিপরীতে শূন্য দশমিক ৪৮ জন নার্স আছে। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) মতে একজন চিকিৎকের বিপরীতে তিন জন নার্স থাকতে হবে।" তিনি জানান, বাংলাদেশে মোট ২৮ হাজার নার্স আছে যাদের মধ্যে ১৭ হাজার ছয়শ' পাঁচজন সরকারি চিকিৎসা প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত আছেন। এছাড়া তিন হাজার নার্স বিদেশে কর্মরত। ডা. খালেদ বলেন, ছয়টি নতুন নার্সিং কলেজ প্রতিষ্ঠার কাজ হাতে নেওয়ার পাশাপাশি ১৫টি নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউটকে শিগগিরই নার্সিং কলেজে রূপান্তর করা হবে। বর্তমানে দেশে ৪৩টি নার্সিং প্রশিক্ষণ ইনস্টিটিউট এবং আটটি নার্সিং কলেজ আছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এনআইএইচ/এএইচ/পিডি/০০৩৫ ঘ.