ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পরিবেশ দূষণের অভিযোগে পাবনা ইপিজেডে একটি কারখানা বন্ধ করেছে পরিবেশ অধিদপ্তর।
পরিবেশ দূষণের দায়ে গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করে ব্রাদার্স প্লাস্টিক ইন্ডাস্ট্রিজ নামের ওই কারখানা বন্ধ করা হয় সোমবার।
অধিদপ্তরের নোটিশ ও নিষেধাজ্ঞা অমান্য করে মাটি, পানি ও বায়ুদূষণকারী বিভিন্ন প্রকার বর্জ্য সামগ্রী কাঁচামাল হিসেবে ব্যবহার করে কারখানাটি গত দু'বছর যাবৎ পরিচালিত হচ্ছিল।
পরিবেশ অধিদপ্তরের পরিচালক (এনফোর্সমেন্ট) মোহাম্মদ মুনীর চৌধুরী কারখানার মালিক রতন কুমার আগরওয়ালাকে রোববার ১৩ লাখ ২৩ হাজার টাকা জরিমানা করেন। একই সময় তিনি সোমবারের মধ্যে কারখানার গ্যাস, বিদ্যুৎ ও পানি সংযোগ বিচ্ছিন্ন করার আদেশ দেন।
অধিদপ্তরের এক বিজ্ঞপ্তিতে বলা হয়, পরিবেশ অধিদপ্তর ঢাকা ও বগুড়ার একটি যৌথ দল ঈশ্বরদী ইপিজেড কর্তৃপক্ষ ও পাবনা জেলা পুলিশের সহায়তায় এ অভিযান চালায়।
আমদানি নিষিদ্ধ ক্ষতিকর বর্জ্য ব্যবহার করে প্লাস্টিক দানার উপাদান প্রস্তুতের মাধ্যমে পরিবেশ দূষণের অভিযোগে ওই কারখানার বিরুদ্ধে এ ব্যবস্থা নেওয়া হয়।
কারখানার মালিককে গত ৮ অগাস্ট কারখানার কার্যক্রম বন্ধের নোটিশ দেওয়া হয়েছিল।
পরিবেশ অধিদপ্তর জানায়, কারখানার অনুকূলে সব ধরনের ঋণ সুবিধা বন্ধের জন্য বাংলাদেশ ব্যাংকের গভর্নর এবং ওই প্রতিষ্ঠানকে ঋণ দানকারী সংস্থা বেসিক ব্যাংককেও চিঠি দেওয়া হয়েছে।
অধিদপ্তরের অনুমতি ছাড়া ২০০৮ সালে পাবনার ঈশ্বরদী ইপিজেডে কারখানাটি গড়ে তোলা হয়। যুক্তরাষ্ট্র থেকে আমদানি করা প্লাস্টিক বর্জ্য ব্যবহার করে 'এগলোমেরেট' নামক প্ল¬াস্টিক দানার একটি উপাদান তৈরি করে তা ভারতে রপ্তানি করতো প্রতিষ্ঠানটি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, এ কারখানায় প্রতিমাসে প্রায় ১০০ টন প্লাস্টিক দানার ওই উপাদান প্রস্তুতে প্রায় ১৫০ মেট্রিক টন প্লাস্টিক বর্জ্য ব্যবহার করা হয়।
"ওই প্লাস্টিক বর্জ্য প্রক্রিয়াকরণের সময় ডাই-অক্সিন ও ফিউরানের মতো ক্ষতিকর গ্যাস নির্গত হয়। এ জাতীয় বর্জ্য ব্যবহার জনস্বাস্থ্যের জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করতে পারে।"
উন্নত দেশ থেকে উন্নশীল দেশে বিষাক্ত বর্জ্যের ডাম্পিং রোধে বিশ্বের একশটিরও বেশি দেশের সঙ্গে বাংলাদেশেও রাসায়নিক বর্জ্য আমদানি নিষিদ্ধ।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিডি/১৯৩৫ ঘ.
bdnews24