নাটোর, সেপ্টেম্বর ২৬ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নেশা করার টাকা না দেওয়ায় নাটোরের বড়াইগ্রাম উপজেলায় বাবা ও ভাইকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক।
সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রামের নটাবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।
নিহতরা হলেন, নটাবাড়িয়া গ্রামের বাসিন্দা আব্দুস সাত্তার (৮০) ও তার ছোট ছেলে ।
বড়াইগ্রাম থানার ওসি আনোয়ার হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সোমবার ভোর সাড়ে ৪টার দিকে বড়াইগ্রামের নটাবাড়িয়া গ্রামের ইব্রাহিম হোসেন (৩০) সিঁদ কেটে ছোট ভাই সাহাদৎ হোসেনের (২৫) ঘরে ঢুকে ছুরি দিয়ে তাকে এলোপাথাড়ি আঘাত করে।
এ সময় শাহাদতের স্ত্রী রীনা খাতুন বাধা দিলে তাকেও ছুরি মারে ইব্রাহিম।
"তাদের চিৎকারে বাবা আব্দুস সাত্তার (৮০) এসে ঘরের দরজা খুলতে বলেন। দরজা খুলেই ইব্রাহিম তার বাবাকে ছুরি মারে। তার চিৎকারে আশেপাশের লোকজন ছুটে এলে ইব্রাহিম ছুরিসহ পালিয়ে যায়।"
ওসি জানান, ভাইয়ের ছুরিকাঘাতে ঘটনাস্থলেই সাহাদতের মৃত্যু হয়। গুরুতর আহত অবস্থায় নাটোর সদর হাসপাতালে নেওয়ার পথে মারা যান আব্দুস সাত্তারও।
তাদের মৃতদেহ ময়না তদন্তের জন্য নাটোর সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলে জানান পুলিশ কর্মকর্তা আনোয়ার।
সাহাদতের স্ত্রী রীনা জানান, বেকার ইব্রাহিম মাদকাসক্ত। নেশা করার জন্য সে প্রায়ই বিভিন্ন অজুহাতে ভাই ও বাবার কাছে টাকা চাইতো। টাকা না দিলে উত্তেজিত হয়ে উঠতো।
রোববার টাকা দিতে অস্বীকার করায় সাহাদতের সঙ্গে ইব্রাহিমের ঝড়গা হয়। সে সময় ভাইকে খুন করারও হুমকি দেয় সে।
রীনা বলেন, "কিছুদিন আগে বাড়ির সবার খাবারের সঙ্গে ওষুধ মিশিয়ে দিয়েছিলো ইব্রাহিম। পরে আমরা হাসপাতালে চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছি।"
ঘটনাস্থল সংলগ্ন বনপাড়া পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক সাইফুল ইসলাম বলেন, "নেশার টাকা না দিলে ইব্রাহিম জায়গা-জমির হিসাবে চেয়ে পরিবারের সদস্যদের সঙ্গে গোলামাল করতো বলে আমরা জানতে পেরেছি। এর জের ধরেই সে ভাই ও বাবাকে হত্যা করে থাকতে পারে।
এ ঘটনায় মামলা করার প্রস্তুতি চলছে বলে পুলিশ কর্মকর্তা সাইফুল ইসলাম জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/কিউএইচ/জেকে/১৪৩৯ ঘ.
bdnews24