২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউনূসের অব্যাহতিতে মোজেনাও বিচলিত

গ্রামীণ ব্যাংক থেকে মুহাম্মদ ইউনূসের 'অব্যাহতিতে' বিচলিত হয়েছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে চূড়ান্ত মনোনয়নের অপেক্ষায় থাকা কূটনীতিক ড্যান ডব্লিউ মোজেনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 05:45 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

শেখ শাহরিয়ার জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম জ্যেষ্ঠ প্রতিবেদক ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- গ্রামীণ ব্যাংক থেকে মুহাম্মদ ইউনূসের 'অব্যাহতিতে' বিচলিত হয়েছিলেন ঢাকায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে চূড়ান্ত মনোনয়নের অপেক্ষায় থাকা কূটনীতিক ড্যান ডব্লিউ মোজেনা। যুক্তরাষ্ট্র সিনেটে এক শুনানিতে মোজেনা বলেন, "গ্রামীণ ব্যাংকের তৎকালীন ব্যবস্থাপনা পরিচালকের বিরুদ্ধে [বাংলাদেশ] সরকারের পদক্ষেপ জেনে আমি কীরকম বিচলিত হয়েছিলোম তা আপনারা বুঝবেন।" সিনেটর জিয়ানি শাহীনের এক প্রশ্নের প্রতিক্রিয়ায় বুধবার এ কথা বলেন তিনি। অনুমতি না নিয়ে পদে থাকার কারণ দেখিয়ে বাংলাদেশ ব্যাংক গত ২ মার্চ গ্রামীণ ব্যাংক থেকে নোবেলজয়ী ইউনূসকে অব্যাহতি দেয়। এরপর গত ১২ মে 'ইস্তফা' দেন ইউনূস। ইউনূসকে তার পদে রাখার পক্ষে মন্তব্য করে 'বিচলিত' হওয়ার কথা সেসময়ই বলেছিলেন দেশটির সহকারী পররাষ্ট্রমন্ত্রী রবার্ট ও ব্লেইকসহ ঢাকায় যুক্তরাষ্ট্রের সাবেক রাষ্ট্রদূত জেমস এফ মরিয়ার্টি। আইনি লড়াইয়ে হেরে অব্যাহতি আদেশের ২ মাস ১১ দিন পর গ্রামীণ ব্যাংকের প্যাডে গণমাধ্যমে পাঠানো সম্বোধনহীন এক চিঠিতে 'ইস্তফার' ঘোষণা দেন তিনি। ঢাকায় যুক্তরাষ্ট্র দূতাবাসে ১৯৯৮ থেকে ২০০১ পর্যন্ত কূটনীতিক হিসেবে দায়িত্ব পালনকারী মোজেনা সিনেটকে বলেন, অবসরের বয়সসীমা অতিক্রম করায় তাকে [ইউনূসকে] 'জোর করে সরিয়ে দেওয়া হয়'। ইউনূসের অব্যাহতি রাজনৈতিক- এরকম একটি অভিযোগ থাকার কথা উল্লেখ করে সিনেটর শাহীন বলেন, এরকম হওয়ার কোনো যৌক্তিক কারণ নেই। এ ঘটনা সম্পর্কে মোজেনার অভিমত এবং এ নিয়ে সা¤প্রতিক তথ্য জানতে চান তিনি। মোজেনা বলেন, "ওটা ছিলো দুর্ভাগ্যজনক। তিনি [ইউনূস] যে কাজ শুরু করেছিলেন তা টিকিয়ে রাখাই প্রাধান্য পাচ্ছে এখন।" ইউনূস যে এখন ইউনূস সেন্টার এবং গ্রামীণ ব্যাংকের বিভিন্ন সহযোগী প্রতিষ্ঠানের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন এতে সন্তোষ প্রকাশ করেন মোজেনা। গ্রামীণ ব্যাংকের গ্রাহকদের সঙ্গে কথা বলে তিনি উদ্দীপ্ত বলেও মন্তব্য করেন যুক্তরাষ্ট্রের ভাবী রাষ্ট্রদূত। "[রাষ্ট্রদূত পদে] নিয়োগ নিশ্চিত হলে এ কাজ আমি বারবার করতে আগ্রহী।" সিনেটকে দেওয়া লিখিত বক্তব্যে মোজেনা বলেন, "সুশীল সমাজের প্রতি সরকারের 'অস্পষ্ট' আচরণ বাংলাদেশের প্রধান চ্যালেঞ্জগুলোর একটি।" গত বছরের ডিসেম্বরের শুরুতে নরওয়ের রাষ্ট্রীয় টেলিভিশনে 'ক্ষুদ্র ঋণের ফাঁদে' নামে একটি প্রামাণ্যচিত্র প্রচার হয়। এতে গ্রামীণ ব্যাংকের তহবিল গ্রামীণ কল্যাণ নামে সহযোগী একটি প্রতিষ্ঠানে স্থানান্তরের অভিযোগ ওঠে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মুহাম্মদ ইউনূসের বিরুদ্ধে। এরপর গ্রামীণ ব্যাংকের সার্বিক কার্যক্রম তদন্তে সরকার একটি পর্যালোচনা কমিটি গঠন করে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এসএসজেড/পিডি/২৩৩৬ ঘ.