২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বগুড়ায় মুস্তাফাবিয়া মাদ্রাসায় শিক্ষার্থীদের ভাংচুর

অধ্যক্ষের অপসারণসহ ১১ দফা দাবিতে বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাশবর্জন, ভাংচুর ও বিক্ষোভ করেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 12:20 PM

Updated : 24 Aug 2022, 04:23 PM

বগুড়া, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অধ্যক্ষের অপসারণসহ ১১ দফা দাবিতে বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাশবর্জন, ভাংচুর ও বিক্ষোভ করেছে। রোববার সকালে এ ঘটনার সময় তারা অধ্যক্ষ আবুল কালাম মো. আফতাব উদ্দিনকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখে। পরে পুলিশ এসে তাকে বের করে নিয়ে যায়। তাদের ১১ দফা দাবির মধ্যে রয়েছে অধ্যক্ষ আবুল কালাম মো. আফতাব উদ্দিনের অপসারণ, অনার্স কোর্স চালু, বিশুদ্ধ পানি সরবরাহ, ছাত্রবাস চালু, শিক্ষক নিয়োগ। প্রত্যক্ষদর্শীরা জানায়, মাদ্রাসার শিক্ষার্থীরা ক্লাস থেকে বের হয়ে অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে। এ সময় তারা ভবনের বিভিন্ন তলায় জানালার কাচ ভাংচুর করে। পরে পুলিশ এসে শিক্ষার্থীদের সরিয়ে দিয়ে অধ্যক্ষকে তার কক্ষ থেকে বের করে নিয়ে যায়। মাদ্রাসার আলিম ২য় বর্ষের ছাত্র ওমর ফারুক জানান, অধ্যক্ষ এই মাদ্রাসা পরিচালনায় ব্যর্থ। শিক্ষার্থীদের দাবি, তাকে অপসারণ করলে মাদ্রাসার সমস্যাগুলি সমাধান করা সম্ভব হবে। আলিম ২য় বর্ষের ছাত্র দীন-উল-ইসলাম জানান, পর্যাপ্ত কক্ষ না থাকায় অডিটোরিয়ামে ক্লাস নেওয়া হয়। এছাড়াও শিক্ষক স্বল্পতার কারণে কোনো কোনো সময় ক্লাসই হয় না। দীর্ঘদিন এসব সমস্যার কথা বললেও অধ্যক্ষ কোনো উদ্যোগ নেননি। বগুড়া সরকারি মুস্তাফাবিয়া আলিয়া মাদ্রাসায় দুই হাজারেরও বেশি শিক্ষার্থীর জন্য শিক্ষক মাত্র ৩৪ জন বলে তিনি জানান। অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম মো. আফতাব উদ্দিন জানান, ছাত্র-ছাত্রীদের কিছু দাবি যৌক্তিক, আবার কিছু অযৌক্তিক। এরমধ্যে কিছু সমস্যার সমাধানও করা হয়েছে। বাকিগুলো আগামীতে সমাধান করা হবে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮১৬ ঘ.