চুয়াডাঙ্গা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- সড়ক দুর্ঘটনায় তারেক মাসুদ ও মিশুক মুনীরসহ পাঁচ জনের নিহত হওয়ার ঘটনায় গ্রেপ্তার বাসচালক জামির হোসেনের মুক্তির দাবিতে চুয়াডাঙ্গায় ধর্মঘট পালন করেছে পরিবহন শ্রমিকরা।
রোববার সকাল থেকে দুপুর ৩টা পর্যন্ত জেলায় বাস-ট্রাকসহ সব ধরনের যান চলাচল বন্ধ ছিলো। ৩টার পর থেকে পুনরায় যান চলাচল শুরু হয়।
সকাল সাড়ে ১০টায় শ্রমিক ইউনিয়নের কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে শহীদ হাসান চত্বরে এসে শেষ হয়। পরে সেখানেই সমাবেশ করে শ্রমিকরা।
গত ১৩ অগাস্ট মানিকগঞ্জের ঘিওর উপজেলার জোকা এলাকায় ঢাকা থেকে চুয়াডাঙ্গাগামী বাস ও তারেকদের বহনকারী মাইক্রোবাসের সংঘর্ষে চলচ্চিত্র নির্মাতা তারেক ও গণমাধ্যম ব্যক্তিত্ব মিশুকসহ পাঁচ জন নিহত হন। এরপর চুয়াডাঙ্গা ডিলাক্স পরিবহনের বাসচালক জামির হোসেনকে গ্রেপ্তার করা হয়।
চুয়াডাঙ্গা জেলা বাস-ট্রাক ও সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সভাপতি এম জেনারেল সাংবাদিকদের বলেন, "সব দুর্ঘটনায় চালকের দোষ থাকে না। কিন্তু সব সময়ই বাস চালকদের ঘাতক বলা হয়। আমাদের দাবি বাসচালককে ঘাতক বলা যাবে না।"
শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক রিপন মন্ডল বলেন, দুর্ঘটনার পর পরিবহন শ্রমিকদের একতরফাভাবে দায়ী না করার দাবিতে শ্রমিকরা ধর্মঘট করছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/আরএ/১৫৪২ ঘ.
bdnews24