ঢাকা, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-সহকর্মীদের অচেতন করে মোবাইল ফোন সেট ও টাকা-পয়সা নিয়ে পালিয়েছেন এক হোটেলকর্মী।
রাজধানীর খিলগাঁও চৌরাস্তায় 'কাইয়ুম হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে' শনিবার রাতে এ ঘটনা ঘটে।
রোববার সকালে ছয় হোটেলকর্মীকে অচেতন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মো. ফেরদৌস (১৪), রফিক হোসেন (১৩), মো. দুলাল (৩০), মো. সাদ্দাম (২২), মো. কামাল হোসেন (১৭) ও মো. আল আমিন (৩০)।
তাদের হাসপাতালে নিয়ে আসা মো. কামাল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, গতরাতে খাওয়া শেষে তারা সবাই ঘুমিয়ে পড়ে। সকালের পালার কর্মীরা এসে দেখতে পায় হোটেলে মূল দরজা খোলা আর তারা ছয় জন অচেতন হয়ে পড়ে রয়েছে।
কামাল বলেন, "তাদের রাতের খাবারের সঙ্গে চেতনানাশক কিছু মেশানো হয়েছে।"
যে ছেলেটি এ কাজ করেছে তার নাম তিনি জানাতে পারেননি। ছেলেটি কয়েকদিন আগে এই হোটেলে কাজ নেয়।
তিনি বলেন, হোটেল থেকে পাঁচটি মোবাইল ফোনসেট ও প্রায় ২৫ হাজার টাকা ছেলেটি নিয়ে যায়।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ফাঁড়ির উপপরিদর্শক (এসআই) মোজাম্মেল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিষয়টি খিলগাঁও থানাকে জানানো হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এসইউ/১২২৯ ঘ.
bdnews24