দিনাজপুর/ময়মনসিংহ, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- দিনাজপুরের বিরলে জাতীয় পার্টির দুই পক্ষ এবং ময়মনসিংহের মুক্তাগাছায় আওয়ামী লীগ ও বিএনপি একই সময়ে সভা ডাকায় ১৪৪ ধারা জারি করে সব ধরনের সমাবেশ বন্ধ করে দিয়েছে স্থানীয় প্রশাসন।
বিরলে জাতীয় পার্টির উপজেলা শাখার সহসভাপতি আনোয়ার চৌধুরী জীবন রোববার বিকালে উপজেলা পরিষদ মাঠে কর্মিসভা আহ্বান করেন। ওই স্থানে একই সময় উপজেলা কমিটির যুগ্ম সম্পাদক সুধীর চন্দ্র শীলও কর্মিসভা আহ্বান করে।
দুই পক্ষ মুখোমুখি অবস্থান নেওয়ায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ১৪৪ ধারা জারি করে ওই এলাকায় সভা-সমাবেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছেন বলে বিরল থানার ওসি হরিদাস মোহন্ত সাংবাদিকদের জানিয়েছেন।
রোববার সকাল থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ১৪৪ ধারা জারি থাকবে বলে ওসি জানান।
মুক্তাগাছায় ১৪৪ ধারা জারি করা হয়েছে তারাতি ইউনিয়নের খামার বাজার এলাকায়। সেখানে স্থানীয় বিএনপি ও আওয়ামী লীগ একই সময়ে সভা ডেকেছিলো।
মুক্তাগাছা থানার ওসি মীর রকিবুল হক সাংবাদিকদের বলেন, পরিস্থিতির অবনতির আশঙ্কায় উপজেলা প্রশাসন ১৪৪ ধারা জারি করেছে এবং তা রাত পর্যন্ত বলবৎ থাকবে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১২৫০ ঘ.
bdnews24