২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

৩ কিশোরকে ধরে নিয়ে গেছে বিএসএফ

ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরুর এক দিন আগে পঞ্চগড় সীমান্ত থেকে তিন বাংলাদেশি কিশোরকে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Sep 2011, 05:39 AM

Updated : 24 Aug 2022, 04:23 PM

পঞ্চগড়, সেপ্টেম্বর ২৫ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঢাকায় বিজিবি-বিএসএফ সীমান্ত সম্মেলন শুরুর এক দিন আগে পঞ্চগড় সীমান্ত থেকে তিন বাংলাদেশি কিশোরকে তুলে নিয়ে গেছে ভারতীয় সীমান্ত রক্ষীরা। এ ঘটনার পর পতাকা বৈঠকের আহ্বান জানানো হলেও বিএসএফ তা প্রত্যাখ্যান করেছে বলে জানিয়েছে বিজিবি। বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে সীমান্ত সম্মেলন সোমবার ঢাকায় শুরু হচ্ছে। সীমান্তে নিরীহ নাগরিক হত্যা এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ বিভিন্ন বিষয় এ সম্মেলনে আলোচনা হবে। এর আগে শনিবার সকালে তেঁতুলিয়া সীমান্তের মেইন পিলার ৪৪৩ এর ৪ নং সাব পিলার সংলগ্ন এলাবা থেকে তিন কিশোরকে বিএসএফ ধরে নিয়ে যায় বলে স্থানীয়রা জানিয়েছে। তিন কিশোর হলো- তেঁতুলিয়া সদরের কাজীপাড়া গ্রামের হাতি মোহাম্মদের ছেলে আনছারুল হক (১৬), কলোনীপাড়ার চাঁদ মাহমুদের ছেলে মানিক (১৪) ও পুরাতন বাজারের রঞ্জু মিয়ার পুত্র রুবেল (১৭)। স্থানীয় কয়েকজনের মতে, ওই তিন কিশোর ভারতীয় গরু চোরাইপথে আনতে সহায়তা করতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়েছে। তবে মানিকের বাবা চাঁদ মাহমুদ দাবি করেছেন, তার ছেলে গরু চোরাকারবারির সঙ্গে জড়িত নয়। স্থানীয় বিজিবি কর্তৃপক্ষ বিকালে এ নিয়ে পতাকা বৈঠকের আহ্বান জানিয়ে বিএসএফকে চিঠি পাঠায়। তবে তাতে সাড়া মেলেনি। বিজিবির তেঁতুলিয়া কোম্পানি কমান্ডার সুবেদার মশিউজ্জামান সাংবাদিকদের বলেন, "পতাকা বৈঠকে বসতে বিএসএফ সম্মতি জানায়নি। মৌখিকভাবে তারা বলেছে, ওই তিন কিশোরকে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক করে ভারতীয় পুলিশের কাছে সোপর্দ করা হচ্ছে।" বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এমআই/১১৩০ ঘ.