২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

'প্রয়োজন বাধ্যবাধকতাসম্পন্ন জলবায়ু চুক্তি'

জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আসন্ন ডারবান জলবায়ু সম্মেলনে একটি বাধ্যবাধকতাসম্পন্ন চুক্তিতে পৌঁছানোর জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 07:46 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

নিউ ইয়র্ক, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবেলায় আসন্ন ডারবান জলবায়ু সম্মেলনে একটি বাধ্যবাধকতাসম্পন্ন চুক্তিতে পৌঁছানোর জন্য জাতিসংঘের সদস্য দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের ৬৬তম সাধারণ পরিষদে দেওয়া বক্তৃতায় তিনি বলেন, বৈশ্বিক উষ্ণতার প্রভাবে সমুদ্রপৃষ্ঠের উচ্চতা এক মিটার বৃদ্ধি পেলে বাংলাদেশের এক-পঞ্চমাংশ এলাকা পানিতে তলিয়ে যাবে। এর ফলে তিন কোটি মানুষ বাস্তুহারা হবে। আর তেমনটি হলে তা হবে ইতিহাসের সবচেয়ে ভয়াবহতম মানবিক বিপর্যয়। এই বিপর্যয় মোকাবিলায় সরকারের নেওয়া কর্মসূচির উল্লেখ করে শেখ হাসিনা জাতিসংঘ অধিবেশনে বলেন, "এ কর্মসূচির আওতায় নদীখনন, শতকরা কুড়ি ভাগ ভূমির বনায়ন এবং জলবায়ু পরিবর্তনের সাথে খাপ খাওয়াতে সক্ষম ফসলের জাত উদ্ভাবনের উদ্যোগ নিয়েছি। "আমাদের নিজস্ব অর্থায়নে তিন শো মিলিয়ন ডলারের ক্লাইমেট চেঞ্জ ট্রাস্ট ফান্ড গঠন করেছি। এছাড়া দাতাদের সহযোগিতায় এক শো মিলিয়ন ইউএস ডলারের ক্লাইমেট চেঞ্জ রেজিলেন্স ফান্ড প্রতিষ্ঠা করেছি।" তারপরও গ্রিন হাউজ গ্যাস নিসরণ কমিয়ে আনা, জলবায়ুর পরিবর্তনজনিত প্রভাব মোকাবেলায় উন্নয়নশীল দেশগুলোকে বিনামূল্যে প্রযুক্তি হস্তান্তর এবং জলবায়ু পরিবর্তনের কারণে বাস্তুহারা মানুষের স্থানান্তরে একটি চুক্তিতে পৌছানের জন্য আন্তরিক চেষ্টা চালাতে বিশ্ব নেতৃবৃন্দের প্রতি আহ্বান জানান তিনি। জাতিসংঘের ৬৬তম সাধারণ অধিবেশনে যোগ দিতে ১১ দিনের সফরে গত ১৮ সেপ্টেম্বর নিউ ইর্য়কে পৌঁছান শেখ হাসিনা। সাধারণ অধিবেশনে বক্তব্য দেওয়া ছাড়াও তিনি বিভিন্ন সেমিনার ও উচ্চ পর্যায়ের বৈঠকে অংশ নেবেন এবং বিভিন্ন দেশের সরকার ও রাষ্ট্র প্রধানের সঙ্গে সাক্ষাত করবেন। ২৮ সেপ্টেম্বর তার দেশের পথে রওনা হওয়ার কথা রয়েছে। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/এসইউএম/জেকে/২৩৪৯ ঘ.