সিলেট, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)-খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়ে সিলেটের মঈন উদ্দিন আদর্শ মহিলা ডিগ্রি কলেজের অন্তত ২৫ জন শিক্ষার্থী অসুস্থ হয়েছেন।
শনিবার কলেজ ক্যাম্পাসের ছাত্রীনিবাসে দুপুরের খাবার খেয়ে তারা অসুস্থ হন বলে জানিয়েছেন কলেজের অধ্যক্ষ মো. গিয়াস উদ্দিন।
তিনি বলেন, সন্ধ্যায় ১৪ জনকে সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকিরা প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আক্রান্তদের মধ্যে রয়েছেন তানিহা, ফারিহা, পারভীন, তানজুমা, ফাহমিদা, মরিয়ম, সকিনা, তাহমিনা, ডলি আক্তার, সকিনা, গুলশান, সালমা, ফারহানা, তারিনা।
ফারহানা মনি, তাহমিনা, ডলি আক্তার জানান, দুপুরে তারা মুরগির মাংস দিয়ে ভাত খান। বিকালে বমি শুরু হয়, মাথা ঘুরতে থাকে। পরে কলেজ কর্তৃপক্ষ তাদের হাসপাতালে ভর্তি করে।
ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মেডিসিন বিভাগের সহকারী রেজিস্ট্রার ডা. মাসুদুল হাসান খান জানান, প্রাথমিকভাবে নিশ্চিত হওয়া গেছে তারা খাদ্যে বিষক্রিয়ায় আক্রান্ত হয়েছেন। চিকিৎসা চলছে। সবাই শঙ্কামুক্ত বলে জানিয়েছেন তিনি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০২৯ ঘ.
bdnews24