২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঝিনাইদহে মিরাজুল হত্যায় তিনজনের স্বীকারোক্তি

ঝিনাইদহের পুলিশ কর্মকর্তা মিরাজুল ইসলাম হত্যা মামলায় তিন আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 06:42 PM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঝিনাইদহ, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- ঝিনাইদহের পুলিশ কর্মকর্তা মিরাজুল ইসলাম হত্যা মামলায় তিন আসামি ১৬৪ ধারায় জবানবন্দি দিয়েছে। ঝিনাইদহের বিচার বিভাগীয় হাকিমের আদালতে বৃহস্পতিবার এই জবানবন্দি দেন মো. কুতুব উদ্দিন, মো. রাজু ও তুহিন। গত ২৩ অগাস্ট সদর উপজেলার ডাকবাংলো পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মিরাজুল ইসলাম (৪৫) খুন হন। এই মামলায় পুলিশ এ পর্যন্ত ছয়জনকে গ্রেপ্তার করেছে। এরমধ্যে মো. কুতুব উদ্দিন, মো. রাজু, তুহিন, মো. রাশেদ, মো. রিয়াজের নাম জানা গেছে। এছাড়া মো. গোলাম কবীর ওরফে বাবলু নামে আরেকজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে তার স্বজনরা দাবি করলেও পুলিশ এ ব্যাপারে মুখ খুলছে না। ঘটনার সঙ্গে কোনো সংশ্লিষ্টতা না থাকায় রাশেদ ও রিয়াজকে ছেড়ে দেওয়া হয়েছে বলে পুলিশ জানিয়েছে। সদর থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ১৫ সেপ্টেম্বর ছয়জনকে গ্রেপ্তারের পর পুলিশ তাদের জিজ্ঞাসাবাদ করে। পরে তিনজন আদালতে জবানবন্দি দেয়। দু'জনকে ছেড়ে দেওয়া হয়েছে। বাবলুর ব্যাপারে ওসিকে জিজ্ঞেস করলে তিনি বিডিনিউজটোয়েন্টিফোর ডটকমকে বলেন, এ ব্যাপারে এসপি'র সঙ্গে কথা বলেন। এ ব্যাপারে ঝিনাইদহের পুলিশ সুপারিনটেনডেন্ট (এসপি) মো. রেজাউল করিম বলেন, "আমি এখন ব্যস্ত আছি। কথা বলতে পারব না।" ২৩ অগাস্ট জেলা শহরে দাপ্তরিক কাজ সেরে ফাঁড়িতে ফেরার সময় রাত ৯টার দিকে দুর্বৃত্তরা তাকে অপহরণ করে। পরদিন সকালে হলিধানী এলাকায় ভেটিরিনারি কলেজের কাছে ঝিনাইদহ-চুয়াডাঙ্গা সড়কের পাশে তার লাশ পাওয়া যায়। মিরাজুলকে ছুরিকাঘাতের পর গলায় ফাঁস দিয়ে হত্যা করা হয়েছে বলে ওসি ইকবাল বাহার চৌধুরী জানান। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/০০০০ ঘ.