সাতক্ষীরা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- অবৈধভাবে ভারত যাওয়ার চেষ্টা করায় সাতক্ষীরা থেকে নারী ও শিশুসহ ৩৪ জনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
শনিবার সকালে জেলার পদ্মশাখরা সীমান্ত এলাকা তাদের আটক করা হয় বলে বিজিবি জানিয়েছে।
বিজিবি সাতক্ষীরা ৪১ ব্যাটালিয়নের পদ্মশাখরা ক্যাম্পের নায়েক সুবেদার আব্দুল খালেক সাংবাদিকদের জানান, এরা সবাই বিনা পাসপোর্টে ভারত যাওয়ার প্রস্তুতি নিচ্ছিলো। সীমান্তের ভেড়িবাঁধের ওপর টহলরত বিজিবি সদস্যরা তাদের আটক করে।
আটকদের মধ্যে রয়েছেন ১৯ জন পুরুষ, ৯ জন মহিলা ও ৬ জন শিশু। তাদের বাড়ি চট্টগ্রাম, বাগেরহাট, পিরোজপুর, খুলনা ও সাতক্ষীরা জেলার বিভিন্ন এলাকায়।
দুপুরের পর তাদের সদর থানায় হস্তান্তর করা হয়। তাদের বিরুদ্ধে সদর থানায় পাসপোর্ট আইনে একটি মামলা হয়েছে বলে জানান বিজিবি কর্মকর্তা।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/২৩২৩ ঘ.
bdnews24