ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতের বর্ডার সিকিউরিটি ফোর্সের (বিএসএফ) মধ্যে সীমান্ত সম্মেলন শুরু হচ্ছে রোববার। সীমান্তে নিরীহ নাগরিক হত্যা এবং অবৈধ অনুপ্রবেশ বন্ধসহ বিভিন্ন বিষয় এ সম্মেলনে গুরুত্ব পাবে বলে জানিয়েছে বিজিবি।
শনিবার বিজিবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, ঢাকার বিজিবির সদর দপ্তরে মহাপরিচালক পর্যায়ের ছয় দিনব্যাপী এই সম্মেলন ৩০ সেপ্টেম্বর পর্যন্ত চলবে। সীমান্ত এলাকায় নিরস্ত্র বাংলাদেশিদের হত্যা ও আহত করা, অবৈধভাবে সীমান্ত পার হওয়া, বিএসএফের হাতে বাংলাদেশি গ্রেপ্তার এবং ধরে নিয়ে যাওয়াসহ ভারতীয় নাগরিকদের হাতে বাংলাদেশি অপহরণের মতো বিষয়গুলো রয়েছে সম্মেলনের আলোচ্যসূচিতে।
এছাড়া সীমান্তের ওপার থেকে মাদক চোরাচালান বন্ধ করা, সীমান্ত রেখার ১৫০ গজের মধ্যে কোনো ধরনের স্থাপনা নির্মাণ বা মেরামত না করা, দুষ্কৃতকারী বা সন্ত্রাসীদের আশ্রয় না দেওয়া, সমন্বিত সীমান্ত ব্যবস্থাপনা পরিকল্পনার (সিবিএমপি) অগ্রগতি নিয়েও পর্যালোচনা করা হবে।
এ সম্মেলনে যোগ দিতে বিএসএফ মহাপরিচালক শ্রী রমন শ্রীবাস্তবের নেতৃত্বে ২১ সদস্যের ভারতীয় প্রতিনিধি দল রোববার ঢাকায় পৌঁছানোর কথা। ভারতের স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তা এবং বিএসএফের ঊর্দ্ধতন কর্মকর্তারাও থাকছেন এই প্রতিনিধি দলে।
বিএসএফ মহাপরিচালকের স্ত্রীও বিশেষ অতিথি হিসেবে বাংলাদেশে আসছেন বলে বিজিবির সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সম্মেলনে ২৩ সদস্যের বাংলাদেশ প্রতিনিধি দলের নেতৃত্ব দেবেন বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল আনোয়ার হোসেন।
প্রতিনিধি দলে থাকবেন বিজিবির উপ-মহাপরিচালক, পরিচালক (অপারেশন ও প্রশিক্ষণ), সংশ্লিষ্ট সেক্টর কমান্ডার এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়, পররাষ্ট্র, মন্ত্রণালয়, ভূমি রেকর্ড ও জরিপ অধিদপ্তর ও যৌথ নদী কমিশনের সংশ্লিষ্ট কর্মকর্তা।
৩০ সেপ্টেম্বর জয়েন্ট রেকর্ড অব ডিসকাশন্স (জেআরডি) স্বাক্ষরের মধ্য দিয়ে সম্মেলন শেষ হওয়ার কথা রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/এসইউ/২০১৫ ঘ.
bdnews24