ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- মুজিব-ইন্দিরা চুক্তি বাস্তবায়নের দাবিতে পঞ্চগড় ও কুড়িগ্রামে শনিবার দ্বিতীয় দিনের মতো জনমত সংগ্রহ করেছেন ছিটমহলের বাসিন্দারা।
এই দাবিতে বাংলাদেশ ও ভারতের ছিটমহলের বাসিন্দারা শুক্রবার থেকে আগামী ২ অক্টোবর পর্যন্ত ১০ দিনের কর্মসূচি ঘোষণা করেছে। প্রথমদিনও তারা জনমত সংগ্রহ করেন।
তাদের কর্মসূচির মধ্যে রয়েছে জনমত গঠন, গণস্বাক্ষর সংগ্রহ অভিযান, নিস্প্রদীপ সন্ধ্যা, মোমবাতি প্রজ্জ্বলন, সাইকেল মিছিল, মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ।
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির আহ্বানে বাংলাদেশের অভ্যন্তরে ভারতীয় ১১১টি এবং ভারতের অভ্যন্তরে বাংলাদেশের ৫১টি ছিটমহলে এই অভিন্ন কর্মসূচি শুরু হয়।
পঞ্চগড় প্রতিনিধি জানান, সকাল থেকে পঞ্চগড়ের অভ্যন্তরে ভারতীয় গারাতি, পুটিমারি, কাজলদীঘি শালবাড়ি ও নাজিরগঞ্জসহ বিভিন্ন ছিটমহল থেকে লোকজন এসে শহরের চৌরঙ্গী মোড়ে শহীদ মিনারে জড়ো হন।
পরে তারা জনমত সংগ্রহের জন্য দলে দলে শহরের বিভিন্ন এলাকায় ছড়িয়ে পড়েন। ব্যবসা প্রতিষ্ঠান, হোটেল-রেস্তোরাঁ, ফুটপাথে চায়ের দোকানসহ বিভিন্ন স্থানে গিয়ে লোকজনের কাছে নিজেদের দাবির যৌক্তিকতা তুলে ধরেন তারা।
গারাতি ছিটমহলের নাগরিক কমিটির চেয়ারম্যান মফিদার রহমান জানান, বিকাল পর্যন্ত তারা শহরের তেঁতুলিয়া রোড, চৌরঙ্গী মোড়, কদমতলাসহ কমপক্ষে ১৫টি এলাকায় জনমত সংগ্রহের কাজ করেন।
পুটিমারি ছিটমহলের আবু জাকের বলেন, এ কর্মসূচিতে শহরের বিভিন্ন পেশার লোকজন আমাদের জোড়ালোভাবে সমর্থন করেছে। তারাও আমাদের অনিশ্চিত জীবনের অবসান চায়। এজন্য এখন শুধু দরকার দুই দেশের সরকারের আন্তরিক উদ্যোগ।
জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মুক্তিযোদ্ধা সায়খুল ইসলাম বলেন, ছিটবাসীরা অমানবিক জীবনযাপন করছে। তাদের প্রতি দুই দেশের সরকারের দৃষ্টি দেওয়া প্রয়োজন।
কুড়িগ্রাম প্রতিনিধি জানান, সকাল থেকে বিকাল পর্যন্ত ছিটবাসীদের অন্তত পাঁচটি দল তাদের দাবির পক্ষে জনমত সংগ্রহ করেছে।
নাগেশ্বরী উপজেলা বাসস্ট্যান্ড মোড়ে আনুষ্ঠানিকভাবে এ জনমত সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির বাংলাদেশ ইউনিটের সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা।
বিকালে তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শহরের শহীদ মিনার চত্বর, কুড়িগ্রাম সরকারি কলেজ, বাসস্ট্যান্ডসহ ফুলবাড়ী, নাগেশ্বরী ও ভূরুঙ্গামারী উপজেলায় জনমত সংগ্রহ করা হয়।
অপরদিকে ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির ভারত ইউনিটের সহ-সাধারণ সম্পাদক দীপ্তিমান সেন গুপ্ত মোবাইলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, শনিবার আনুষ্ঠানিকভাবে ভারতের কোচবিহার জেলার দিনহাটা, শীতল কুচি, মাথাডাঙ্গা, মেকলিগঞ্জ ও তুফানগঞ্জ এলাকায় ১৫টি দল ভারতীয় নাগরিকদের কাছ থেকে গণস্বাক্ষর সংগ্রহ করে।
ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় সমন্বয় কমিটির নেতৃবৃন্দ জানান, দশদিনব্যাপী কর্মসূচির মধ্যে রয়েছে- ২৬ সেপ্টেম্বর সন্ধ্যা ৬টা থেকে রাত ৯টা পর্যন্ত নি®প্রদীপ সন্ধ্যা, ২৭ সেপ্টেম্বর রান্নাহীন দিন যাপন, ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় সর্বত্র মোমবাতি প্রজ্জ্বলন, ২৯ সেপ্টেম্বর মৌন মিছিল দুপুর ১২টায়, ৩০ সেপ্টেম্বর সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত সাইকেল মিছিল, ১ অক্টোবর সন্ধ্যা ৬টায় মশাল মিছিল এবং ২ অক্টোবর বিক্ষোভ সমাবেশ।
গত ৬ সেপ্টেম্বর প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের উপস্থিতিতে ঢাকায় স্থলসীমা নিয়ে একটি প্রটোকল স্বাক্ষরিত হয়। এর মাধ্যমে ১৯৭৪ সালের চুক্তির আওতায় ছিটমহল বিনিময় করবে দুই দেশ। এ ছাড়া দুই দেশের মধ্যে সাড়ে ৬ কিলোমিটার অচিহ্নিত সীমানা এবং অপদখলীয় ভূমি সমস্যারও সমাধান করা হবে এ প্রটোকলের আওতায়।
তবে প্রটোকলে ছিটমহল বিনিময় বিষয়ে নির্দিষ্ট সময় বা প্রক্রিয়া নিয়ে স্পষ্ট করে কিছু উল্লেখ নেই- এমন অভিযোগে দুই দেশের ছিটমহলের নাগরিকদের মধ্যে ক্ষোভ ও হতাশা দেখা দেয়। তাদের আশঙ্কা, বিষয়টি আবারো ঝুলে গেছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৯৫৬ ঘ.
bdnews24