চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- নগরীর চান্দগাঁও থানাধীন ফরিদার পাড়া এলাকায় ছুরিকাঘাতে এক যুবকের মৃত্যু হয়েছে।
শনিবার সকাল সাড়ে ১০টার দিকে ছুরিকাহত হওয়ার পর দুপুর ১টায় আহত মামুনুর রশিদকে (৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
মামুন নগরীর পতেঙ্গা থানাধীন কাটগড় এলাকার মো. মোতালেবের ছেলে।
চান্দগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, প্রায় দুই বছর ধরে মামুনের সঙ্গে ফরিদার পাড়া তালতলা এলাকার এক নারীর সঙ্গে পরকীয়া সম্পর্ক ছিলো।
"আজ সকালে মামুন ওই নারীর বাসায় যায়। এ সময় ওই নারীর স্বামীর সঙ্গে মামুনের কথা কাটাকাটির এক পর্যায়ে তিনি মামুনের বুকে ও পেটে ছুরি চালায়।"
এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য ওই নারীকে আটক করা হয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/সিএম/আরএ/১৯১২ ঘ.
bdnews24