চাঁদপুর, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- যৌতুকের টাকা নিয়ে কলহের জেরে নিজের স্ত্রীকে হত্যার অভিযোগে চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার রাতে উত্তর নউরী গ্রামে এ ঘটনায় নিহত হন আছিয়া আক্তার (২২)। তিনি ওই গ্রামের রিপনের (২৫) স্ত্রী।
আছিয়া আক্তারের মা রাজিয়া বেগম সাংবাদিকদের জানান, ছয় মাস আগে ৮০ হাজার টাকা যৌতুকের বিনিময়ে রিপনের সঙ্গে তার মেয়ের বিয়ে হয়। বিয়ের সময় ৫০ হাজার টাকা দেওয়া হয়। বাকি টাকা ধীরে ধীরে পরিশোধ করা হবে বলে দুই পক্ষের মধ্যে সমঝোতা হয়।
কিন্তু টাকা দিতে না পরায় মাঝে মাঝে রিপনের পরিবারের সদস্যরা তার মেয়েকে মারধর করতো বলে অভিযোগ করেন রাজিয়া বেগম।
প্রতিবেশীর বরাত দিয়ে তিনি জানান, শুক্রবার সন্ধ্যায়ও আছিয়ার সঙ্গে যৌতুকের টাকা নিয়ে রিপন, তার ভাই ও পরিবারের অন্যদের সঙ্গে আছিয়ার বিবাদ হয়। এর জেরে রাতে তাকে বাড়ির পুকুরে চুবিয়ে হত্যা করে।
মতলব উত্তর থানার ওসি মো. রোস্তম আলী শিকদার সাংবাদিকদের জানান, এ ঘটনায় জড়িত অভিযোগে আছিয়ার স্বামী রিপনকে গ্রেপ্তার করা হয়েছে।
ময়নাতদন্তের জন্য লাশ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে হত্যা মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানান ওসি।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/সিএস/ডিডি/১৮৫৬ ঘ.
bdnews24