কামাল হোসেন তালুকদার
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম প্রতিবেদক
ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মহাখালী লেভেল ক্রসিংয়ে বিকল হয়ে পড়া একটি বাস থেকে চালক পালিয়ে যাওয়ার পর সহকারী কোনো মতে এটি সরিয়ে নিলে দুর্ঘটনা থেকে রক্ষা পায় যাত্রীরা।
শনিবার দুপুরে ঘটেছে এ ঘটনা। বাসটি ছিলো আজিমপুর-উত্তরা রুটের সূচনা পরিবহনের।
উত্তরা থেকে আসা বাসটি দুপুর পৌনে ৩টার দিকে মহাখালী লেভেল ক্রসিংয়ে ওঠামাত্র বিকল হয়ে পড়ে। ঠিক ওই সময় একটি ট্রেন ঢাকার দিকে আসছিলো।
যাত্রীরা উপায়ান্তর না দেখে বাসের জানালা দিয়ে লাফিয়ে নামতে শুরু করে। চালকও এ সুযোগে পালিয়ে যায়। নামতে পারছে না এমন যাত্রী তখনও বাসে ১৫/২০ ছিলো।
তখন বাসচালকের সহকারী বাবু চালকের আসনে বসে কোনো রকমে বাসটিকে একটু পেছনে আনার সঙ্গে সঙ্গে ট্রেনটি ক্রসিং অতিক্রম করে।
এতে হাঁফ ছেড়ে বাঁচে বাসের যাত্রী ও ঘটনার প্রত্যক্ষদর্শী ও উপস্থিত ট্রাফিক সার্জেন্টরা।
ট্রাফিক সার্জেন্ট বিপ্লব রায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "মারাত্মক একটি দুর্ঘটনা থেকে সবাই রক্ষা পেলো।"
তবে ট্রেনটি চলে যাওয়ার পর বাসটি আবার চলতে শুরু করে। চালকের সহকারী বাবুই বাসটি চালিয়ে নিয়ে যান।
বাসটি কেন আটক করলেন না জানতে চাইলে ট্রাফিক সার্জেন্ট বলেন, "আসলে এখানে কারো দোষ ছিলো না। গাড়ি যে কোনো মুহূর্তে বিকল হতে পারে।"
তবে এ অবস্থায় চালকের পালিয়ে যাওয়া উচিৎ হয়নি বলে তিনি মত দেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/এমআই/১৬২০ ঘ.
bdnews24