চট্টগ্রাম, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- চট্টগ্রামের হাটহাজারীতে স্কুল শিক্ষার্থীদের বহনকারী একটি টেম্পু দুর্ঘটনায় আহত হয়েছে আট জন। চালকের পরিবর্তে তার সহকারী গাড়িটি চালাচ্ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
শনিবার সকাল ১০টার দিকে চট্টগ্রাম-নাজিরহাট সড়কের মুহুরী হাটের কাছে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
আহতরা সবাই মির্জাপুর উচ্চ বিদ্যালয়ের ছাত্র-ছাত্রী। এর মধ্যে তিন জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে আনা হয়েছে।
আহতদের মধ্যে মনি আক্তার নামে দশম শ্রেণীর এক শিক্ষার্থীর অবস্থা গুরুতর বলে চিকিৎসকরা জানিয়েছেন ।
হাটহাজারী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপারিন্ডেন্ট বাবুল আক্তার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সিএনজিচালিত টেম্পুটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। খাদে পড়ার সময় একটি গাছের সঙ্গে এর ধাক্কা লাগে।
তিনি জানান, আহতদের মধ্যে তিন জনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। বাকিদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।
পুলিশ টেম্পুটি আটক করলেও চালক পালিয়ে গেছে।
পুলিশ কর্মকর্তা বাবুল বলেন, "চালকের পরিবর্তে হেলপার গাড়িটি চালাচ্ছিলেন বলে প্রাথমিকভাবে জানা গেছে।"
দেড় মাস আগে চট্টগ্রামের মিরসরাইয়ে দুর্ঘটনায় নিহত হয় ট্রাকআরোহী ৪০ এর বেশি স্কুলশিক্ষার্থী। ওই গাড়িটিও নিয়মিত চালক চালাচ্ছিলেন না বলে অভিযোগ রয়েছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এমসি/এমআই/১৪০৫ ঘ.
bdnews24