২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু

রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রায় এক বছর পর পুনরায় শুরু করেছে ঢাকা ওয়াসা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Sep 2011, 05:38 AM

Updated : 24 Aug 2022, 04:22 PM

ঢাকা, সেপ্টেম্বর ২৪ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- রাজধানীর মোহাম্মদপুরের রামচন্দ্র খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ প্রায় এক বছর পর পুনরায় শুরু করেছে ঢাকা ওয়াসা। গত বছরের ১৮ অক্টোবর কর্তৃপক্ষ অবৈধ স্থাপনা উচ্ছেদ শুরু করলে খালের ওপর বসবাসকারীরা নিজেদের মুক্তিযোদ্ধা পরিচয় দিয়ে তাতে বাধা দেয়। এরপর উচ্ছেদ অভিযান স্থগিত করেছিলো ওয়াসা। শনিবার সকাল ১১টা থেকে রামচন্দ্রপুর খালের উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। ওয়াসার নির্বাহী হাকিম কাজী ওয়াছিউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "টাস্কফোর্সের সিদ্ধান্ত অনুযায়ী সকাল ১১টা থেকে উচ্ছেদ অভিযান শুরু হয়েছে।" তিনি বলেন, মোহাম্মদপুরের শিয়া মসজিদের পশ্চিম দিকে নবোদয় হাউজিংয়ের ঢাল থেকে গাবতলী পর্যন্ত এ খালের দৈর্ঘ্য প্রায় ৩ কিলোমিটার। এর দুই পাড়ে অবৈধভাবে দুই শতাধিক বস্তি ঘর গড়ে তোলা হয়েছে। এছাড়া ১৪/১৫টি দুই থেকে ছয় তলা পর্যন্ত পাকা ভবনের কিছু অবৈধ অংশও খালের মধ্যে রয়েছে। নবোদয় হাউজিংয়ের ঢাল থেকে এ উচ্ছেদ অভিযান শুরু হয়েছে। উচ্ছেদ অভিযানে পুলিশ সদস্যরা সহযোগিতা করছে। গত বছরের ২৯ সেপ্টেম্বর নদ-নদীর নাব্যতা রক্ষা সংক্রান্ত জাতীয় টাস্কফোর্সের এক বৈঠকে ঢাকা ও এর আশপাশের অবৈধ খাল দখলমুক্ত করার জন্য ঢাকা ওয়াসা এবং সংশ্লিষ্ট জেলা প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়। এর অংশ হিসেবে গত বছরের ৪ অক্টোবর রাজধানীর মোহাম্মদপুরের কাঁটাসুর খালসহ আরো দুটি খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ঢাকা ওয়াসা। তবে রামচন্দ্র খালের অবৈধ দখল উচ্ছেদে বাধা পাওয়ার পর ওয়াসার কার্যক্রম ঝিমিয়ে পড়ে। তবে গত ১২ সেপ্টেম্বর কল্যাণপুর 'ঘ' খালের অবৈধ স্থাপনা উচ্ছেদ করে ওয়াসা। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/এআরআর/এমআই/১১৩০ ঘ.