ঢাকা, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- হজমের সমস্যার কারণে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমানকে সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) ভর্তি করা হয়েছে।
রাষ্ট্রপতির প্রেস সচিব এ কে এম নেছার উদ্দিন ভূঞা শুক্রবার রাতে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, "হজমের সমস্যা দেখা দেওয়াও রাত ৮টার দিকে রাষ্ট্রপতিকে সিএমএইচ-এ নেওয়া হয়। চিকিৎসকরা পর্যবেক্ষণের জন্য তাকে একদিন হাসপাতালে রাখার পরামর্শ দিয়েছেন।"
"চিকিৎসকরা জানিয়েছেন দুঃশ্চিন্তার কোনো কারণ নেই। রাষ্ট্রপতি ভালো আছেন", বলেন প্রেস সচিব।
এর আগে গত ১১ সেপ্টেম্বর স্বাস্থ্য পরীক্ষার জন্য সিঙ্গাপুর যান ৮২ বছর বয়সী জিল্লুর রহমান। ১৫ সেপ্টেম্বর সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে সব ধরনের স্বাস্থ্য পরীক্ষা শেষ চিকিৎসকরা জানিয়েছিলেন, তিনি সম্পূর্ণ সুস্থ।
ওই হাসপাতালে ড. সিতোহ ইহ ইউ-এর নেতৃত্বে একদল বিশেষজ্ঞ চিকিৎসক রাষ্ট্রপতির স্বাস্থ্য পরীক্ষা করেন।
জিল্লুর রহমান ২০০৯ সালের ১২ ফেব্র"য়ারি দেশের ১৯তম রাষ্ট্রপতি হিসেবে শপথ নেন। আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর এই সাবেক সদস্যের স্ত্রী আইভি রহমানও দলের কেন্দ্রীয় নেত্রী ছিলেন। ২০০৪ সালে বঙ্গবন্ধু এভিনিউয়ে গ্রেনেড হামলায় মারা যান আইভি রহমান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/পিসি/জেকে/২২৩২ ঘ.
bdnews24