২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কার্যক্রম শুরু

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম নিউজ সার্ভিস

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 Sep 2011, 12:57 PM

Updated : 24 Aug 2022, 04:21 PM

বরিশাল, সেপ্টেম্বর ২৩ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বরিশাল বিশ্ববিদ্যালয়ে ২০১১-১২ শিক্ষাবর্ষে ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। মোবাইল ফোন কোম্পানি টেলিটকের মাধ্যমে শুক্রবার সকালে অন-লাইনে প্রথম ব্যাচের ভর্তি ফরম বিক্রয় কার্যক্রম উদ্বোধন করেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। ঢাকার কলাবাগান লেক সার্কাসে বিশ্ববিদ্যালয়ের লিয়াজোঁ অফিসে এই উদ্বোধন কার্যক্রম সম্পন্ন হয়। বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এ তথ্য জানান। অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয়ের যাত্রা শুরুর ফলে উচ্চশিক্ষায় বিদ্যমান আসন সঙ্কট কিছুটা হলেও লাঘব হবে। উপাচার্য জানান, শুক্রবার (২৩ সেপ্টেম্বর) থেকে শুরু হয়ে ভর্তি ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে ২২ অক্টোবর পর্যন্ত। অনলাইনে ভর্তি ফরমের জন্য www.barisaluniv.edu.bd ওয়েবসাইটে লগ অন করতে হবে। ভর্তি ফরমের মূল্য ধরা হয়েছে ৩০০ টাকা। বাছাই শেষে আগামী ২ ও ৩ ডিসেম্বর লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। ২০১২ সালের জানুয়ারিতে ক্লাস শুরু হবে। প্রাথমিকভাবে বরিশাল জিলা স্কুলের বহিঃক্যাম্পাসে শিক্ষা কার্যক্রম শুরু হবে। ক, খ ও গ ইউনিটে চারটি অনুষদের ছয়টি বিভাগে মোট ৪০০ ছাত্র-ছাত্রী ভর্তির সুযোগ পাবে। এরমধ্যে ক ইউনিটে বিজ্ঞান অনুষদে গণিত বিভাগে ৬৫, কলা অনুষদে ইংরেজি বিভাগে ৬৫, খ ইউনিটে সামাজিক বিজ্ঞান অনুষদে সমাজবিজ্ঞান বিভাগে ৬৫, অর্থনীতি বিভাগে ৬৫, গ ইউনিটে বাণিজ্য অনুষদে ম্যানেজমেন্ট স্টাডিজ বিভাগে ৭০, মার্কেটিং বিভাগে ৭০টি আসন রয়েছে। ২০০ নম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে ভর্তি পরীক্ষা। এরমধ্যে লিখিত ও মৌখিক ১২০ নম্বর। বাকি ৮০ নম্বর এসএসসি ও এইসএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ওপর। উপাচার্য আরো বলেন, মানবিক বিভাগে ভর্তির যোগ্যতা হলো এসএসসি ও এইসএসসি দুই পরীক্ষায় জিপিএ ৬.৫, বিজ্ঞান বিভাগে ৭.৫ এবং বাণিজ্যে ৭ পয়েন্ট। তবে কোনো একটি পরীক্ষায় জিপিএ ৩ এর নিচে পেয়ে থাকলে তারা ভর্তির পরীক্ষায় অংশ নিতে পারবে না। অধ্যাপক ড. মো. হারুনর রশীদ খানের সভাপতিত্বে সভায় উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. হারুন-অর-রশিদ, কবি জসীম উদ্দীন হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক নোমান-উর-রশীদ প্রমুখ। বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/ডিডি/১৮৪৪ ঘ.