ঢাকা, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ব্যবসায়িক অংশীদার গিয়াসউদ্দিন আল মামুনের বিরুদ্ধে অর্থ পাচারের অভিযোগে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
কমিশনের সহকারী পরিচালক মো. ইব্রাহীম বৃহস্পতিবার রাজধানীর ক্যান্টনমেন্ট থানায় এই মামলা করেন।
ক্যান্টনমেন্ট থানার ওসি মো. সালাউদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চারদলীয় জোট সরকারের সময়ে মামুন চার লাখ ১৮ হাজার ৮৫৩ পাউন্ড অবৈধভাবে বিদেশে স্থানান্তর করেছেন বলে অভিযোগ করা হয়েছে মামলায়।
একাধিক ব্যাংক অ্যাকাউন্টের মাধ্যমে এই অর্থ পাচার করা হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
২০০৭ সালে সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের সময় মামুনকে গ্রেপ্তার করে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। তার বিরুদ্ধে অবৈধ ব্যবসা ও দুর্নীতিসহ বিভিন্ন অভিযোগে বেশ কয়েকটি মামলা করা হয়। দুটি মামলায় তাকে সাজাও দেয় আদালত।
তখন থেকেই কারাগারে রয়েছেন বিএনপির সাবেক সাংসদ হাফিজ ইব্রাহিমের ভাই গিয়াসউদ্দিন আল মামুন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/কেটি/পিসি/এএইচ/জেকে/১৮৪২ ঘ.
bdnews24