মৌলভীবাজার, সেপ্টেম্বর ২২ (বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম)- পিকেটাররা মৌলভীবাজার পুলিশের কাছে ধন্যবাদ আশা করতেই পারে, কারণ তাদের জন্যই ধরা গেছে এক গরুচোরকে।
বৃহস্পতিবার হবিগঞ্জের বাহুবল উপজেলার মিরপুর চৌমোহনায় বিএনপি ও চার দলের পিকেটাররা তিনটি গরুসহ একটি পিকআপভ্যান আটকে দেয়। পরে জানা যায়, ওই গরু পাশের জেলা মৌলভীবাজারের শ্রীমঙ্গল থেকে চুরি করা হয়েছিলো।
পুলিশ গরুচুরির অভিযোগে এক জনকে গ্রেপ্তার করেছে, উদ্ধার করেছে গরু তিনটি। গ্রেপ্তার কামাল (৩০) বাহুবল উপজেলার দৌলতপুর গ্রামের ইউনুস আলীর ছেলে।
পুলিশ জানায়, শ্রীমঙ্গলের সিন্দুরখান ইউনিয়নের দত্তগ্রাম থেকে ভোরে অনুকুল দেব নাথের বাড়ি থেকে গরু তিনটি চুরি হয়।
শ্রীমঙ্গল থানার ওসি নীহার রঞ্জন দেবনাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল ১১টার দিকে মিরপুর চৌমোহনায় ঢাকা-সিলেট মহাসড়কে তিনটি গরুসহ পিকআপটি হরতাল সমর্থকরা আটকে দেয়।
"পরে আমি গরুসহ পিকআপটি উদ্ধার ও চোরকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসি," বলেন তিনি।
চুরির অভিযোগে কালামকে আসামি করে মামলা হয়েছে বলে ওসি জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম/প্রতিনিধি/আরএ/১৮০০ ঘ.
bdnews24